তেহরানে আজ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের কফিন রাখা হয়। ছবি: এএফপি
তাসনিম
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১০:৩৭ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ১০:৪১
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষ জড়ো হয়েছেন। রোববার সকালেই নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগে প্রার্থনাস্থলের ধারণক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় এর সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গ্র্যান্ড মোসাল্লার ভেতরে আর জায়গা না থাকায় বাইরে থাকা সড়ক ও আশপাশের এলাকায়ও মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হন।
প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহ খামেনির পাশাপাশি তার পরিবারের চার সদস্যেরও জানাজা অনুষ্ঠিত হচ্ছে। তারাও একই ঘটনায় নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
জানাজার নামাজে ইমামতি করবেন আয়াতুল্লাহ শেখ জাফর সোবহানি। গ্র্যান্ড মোসাল্লায় খামেনি ও তার পরিবারের সদস্যদের জন্য পৃথকভাবে তিন দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ইরানের বিভিন্ন শহরে খামেনিকে বিদায় জানাতে শোকানুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালিত হয়। রোববার তেহরানে অনুষ্ঠিত জানাজাকে সেই জাতীয় শোকানুষ্ঠানের সবচেয়ে বড় পর্ব হিসেবে দেখা হচ্ছে।
- বিষয় :
- ইরান
- আয়াতুল্লাহ আলী খামেনি
- তেহরান
- জানাজা
