ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

দোকান-অফিস খোলার পরিকল্পনা করছে কানাডার সাসকাচুয়ান প্রদেশ

দোকান-অফিস খোলার পরিকল্পনা করছে কানাডার সাসকাচুয়ান প্রদেশ
×

সাসকাচুয়ান প্রদেশের প্রিমিয়ার স্কট মো

কানাডা (আলবার্টা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৬:০৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ০৬:২২

দোকান-অফিস খোলা তথা অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর প্রক্রিয়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে কানাডায় সাসকাচুয়ান প্রদেশ। আগামী সপ্তাহ নাগাদ এই ব্যাপারে একটি পরিকল্পনা প্রকাশের কাজ শুরু করেছে তারা। 

দেশটিতে বুধবার পর্যন্ত ২৭ হাজার ৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯০৩ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ হাজার ২৩৫  জন। দেশটির আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরই মধ্যে টরন্টোতে চারজন মারা গেছেন।

এ পরিস্থিতিতে সাসকাচুয়ান প্রদেশের প্রিমিয়ার স্কট মো সাংবাদিকদের জানান, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার নিম্নহার অব্যাহত থাকলে আগামী সপ্তাহ নাগাদ তারা অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর পরিকল্পনা প্রকাশ করতে পারেন।  

তিনি বলেন, 'মনে হচ্ছে আক্রান্তের সংখ্যা এখন সমতলে আছে। এটি অব্যাহত থাকলে ব্যবসা প্রতিষ্ঠান চালুর পর পরিস্থিতি কী দাঁড়াবে সেটা নিয়ে আমরা এখন ভাবতে পারি।'

স্কট মো আরও বলেন, 'রাতারাতি সবকিছুকেই আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার কোনো ম্যাজিক আমাদের হাতে নেই। তবে প্রদেশের কর্মকর্তারা এক সপ্তাহ ধরে অর্থনৈতিক তৎপরতা চালুর পরিকল্পনা নিয়ে কাজ করবেন, যাতে আগামী সপ্তাহে সেটি প্রকাশ করা যায়। ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও সেটি হবে ধীরে ধীরে এবং পর্যায়ক্রমে।'

আরও পড়ুন

×