বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত সোনিয়া ও নাড্ডা
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জয় প্রকাশ নাড্ডা। ছবি-সংগৃহীত
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:৩৩
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের রাজ্যসভার (সংসদের উচ্চকক্ষ) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে সিনিয়র কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এছাড়া গুজরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জয় প্রকাশ নাড্ডা।
আগামী ২৭ ফেব্রুয়ারি ভারতের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভার আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সোনিয়া গান্ধীর বিপক্ষে কোনো বিরোধী প্রার্থী না থাকার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ঠিক একইভাবে জয়ী হয়েছেন জে পি নাড্ডাসহ অন্যরা।
সোনিয়া ছাড়াও রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন বিজেপির চুনিলাল গারাসিয়া, মদন রাঠোর। অন্যদিকে নাড্ডা ছাড়াও গুজরাট থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন হীরা ব্যবসায়ী গোবিন্দভাই ঢোলাকিয়া, বিজেপি নেতা যশবন্ত সিং পারমার, মায়াঙ্ক নায়েক। এদিনের এই ফলাফলের পর রাজ্যসভার মোট ২০০ আসনের মধ্যে বিজেপির সদস্য সংখ্যা দাঁড়াল ১১৫, কংগ্রেসের সাংসদ ৭০ জন।
মঙ্গলবার ভারতের রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া। সেক্ষেত্রে এই প্রথম বারের জন্য রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন ৭৭ বছর বয়সী সোনিয়া। এর আগে লোকসভার পাঁচটি মেয়াদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৯ সালে প্রথমবার লোকসভায় নির্বাচিত হন সোনিয়া। বর্তমানে উত্তরপ্রদেশের রায়বেরেলি লোকসভা কেন্দ্রের সদস্য পদে রয়েছেন সোনিয়া। ২০০৪ সাল থেকে ওই আসনটিতে জিতে আসছেন, এমনকি শেষবার ২০১৯ সালের নির্বাচনেও দেশজুড়ে কংগ্রেসের অত্যন্ত খারাপ ফলের মধ্যেও রায়বেরেলি আসনটি নিজের দখলে ধরে রাখতে পেরেছিলেন। কিন্তু এই প্রথম রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন এই কংগ্রেস নেত্রী।
কংগ্রেস দলীয় সূত্রে জানা যায়, খারাপ স্বাস্থ্যের কারণেই লোকসভা নির্বাচনের ধকল নিতে রাজি ছিলেন না সোনিয়া। আর এই কারণে রাজ্যসভাকেই বেছে নিলেন তিনি। এমনকি শেষবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ই তিনি জানিয়েছিলেন এবারই তার শেষ নির্বাচন।
সোনিয়ার আগে গান্ধী পরিবার থেকে একজনই রাজ্যসভার সদস্য হয়েছিলেন, তিনি হলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সোনিয়ার শাশুড়ি ইন্দিরা গান্ধী। ১৯৬৪ সালের আগস্ট থেকে ১৯৬৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন ইন্দিরা গান্ধী।
এদিকে সোনিয়া গান্ধীর ফেলে যাওয়া রায়বেরেলি কেন্দ্র থেকে তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ভদরা কংগ্রেসের প্রার্থী হতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। আর প্রিয়াঙ্কা যদি দাঁড়ান, তবে এটাই হবে তার প্রথম নির্বাচন। কারণ গত ২০১৯ সালের নির্বাচনে বারানসি কেন্দ্রে মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার দাঁড়ানোর জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
- বিষয় :
- সোনিয়া গান্ধী
