মোদিকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৬:২০ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ | ০৬:৫৪
ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সম্পর্ক ক্রমশই জটিল আকার ধারণ করছে। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিতে আপত্তি জানিয়েছে পাকিস্তান।
ইসলামাবাদের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাছে অভিযোগ করেছে ভারত। খবর এনডিটিভির।
সূত্র জানিয়েছে, নির্ধারিত আইসিএও নির্দেশিকা অনুসারে ওভারফ্লাইট ছাড়পত্র চাওয়া হয়, এবং অন্যান্য দেশগুলি স্বচ্ছন্দে এই আবেদন মঞ্জুর করে এবং ভারতের পক্ষ থেকেই এ জাতীয় ওভারফ্লাইট ছাড়পত্র অব্যাহত রাখা হয়। কিন্তু পাকিস্তানের এই অস্বীকৃতি নিয়ে ভারত আন্তর্জাতিক বিমান সংস্থার কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি রোববার ঘোষণা করেন, ইসলামাবাদ নরেন্দ্র মোদির বিমান চলাচলের বিষয়ে পাক-আকাশসীমা ব্যবহারের জন্য নয়াদিল্লির অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে রেডিও পাকিস্তান জানিয়েছে, ভারতের হাইকমিশনার অজয় বিসারিয়াকে লিখিতভাবে ইসলামাবাদ এই সিদ্ধান্ত জানাবে।
পাকিস্তান এর আগে ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্যে প্রধানমন্ত্রী মোদির মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার বিমানকে তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করে।
রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের ইউরোপ সফরের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও অস্বীকার করেছিল দেশটি।
বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর বোমা ফেলার পর থেকেই পাকিস্তান ভারতের জন্যে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। গত ২৭ মার্চ নয়াদিল্লি, ব্যাংকক এবং কুয়ালালামপুর ছাড়া সমস্ত বিমানের জন্য পাকিস্তান তাদের আকাশসীমা খুলে দেয়।
এরপর ১৫ মে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ায়। কিন্তু ১৬ জুলাই সমস্ত অসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা পুরোপুরি উন্মুক্ত করে দেয় পাকিস্তান।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিল করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার ঘোষণার পর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
- বিষয় :
- পাকিস্তান
- নরেন্দ্র মোদি
- আকাশসীমা
- নিষেধাজ্ঞা