ভারতে করোনা আক্রান্ত ২ লাখ পেরুলো
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০০:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২ লাখ। প্রথম ১ লাখ আক্রান্তের ক্ষেত্রে সময় লেগেছিল ১১০ দিন। কিন্তু ১ লাখ থেকে ২ লাখে পৌঁছতে সময় লেগেছে মাত্র ১৫ দিন। আক্রান্তের এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে, লকডাউন শিথিলের পর দেশটিতে কীভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মহামারি এ ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮১৫ জন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার সকালের নিয়মিত ব্রিফিংয়ে জানায়, আগের ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯০৯ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যায় এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশে মোট কভিড-১৯ আক্রান্ত হলেন ২ লাখ ৭ হাজার ৬১৫ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৭ জনের। এ নিয়ে মোট ৫ হাজার ৮১৫ জনের মৃত্যু হল করোনাভাইরাসে। এর মধ্যে ২ হাজার ৪৬৫ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। গুজরাটে ১০৯২ জনের মৃত্যু হয়েছে। রাজধানী দিল্লিতে মারা গেছেন ৫৫৬ জন। এছাড়া মধ্যপ্রদেশে ৩৬৪ জন ও পশ্চিমবঙ্গে ৩৩৫ জন মারা গেছে। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ (২২২ জন), রাজস্থান (২০৩ জন), তামিলনাড়ু– (১৯৭ জন)।
করোনাভাইরাসে যেমন মানুষ আক্রান্ত হচ্ছেন, তেমন সুস্থ হয়ে ওঠার সংখ্যাও কম না। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৭৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে কভিডে আক্রান্ত হওয়ার পর ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩০৩ জন।
ভারতে প্রথম করোনা পজিটিভ রিপোর্ট ধরা পড়ে উহান ফেরত কেরালার এক ছাত্রীর। এরপর প্রায় চার মাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২ লাখ। আক্রান্তের সংখ্যা প্রথম ৫০ হাজার পৌঁছতে সময় লেগেছে ৯৮ দিন। দ্বিতীয় ৫০ হাজার আক্রান্তের মেয়াদ ১২ দিন। সেখান থেকে দেড় লক্ষে পৌঁছতে সময় লেগেছে ৮ দিন। সর্বশেষ ৫০ হাজার আক্রান্ত হয়েছে মাত্র ৭ দিনে। সংক্রমণ বৃদ্ধির এই চিত্র উদ্বেগজনক বলেই মত বিশেষজ্ঞদের।