করোনা: কানাডায় মৃত্যু কমছে না
ফাইল ছবি
আহসান রাজীব বুলবুল, আলবার্টা (কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২০ | ০০:১৭ | আপডেট: ১০ জুন ২০২০ | ০০:২৯
কানাডায় করোনাভাইরাস অর্থাৎ কভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে এখন দাঁড়ালো ৭ হাজার ৮৯৭ জনে। আক্রান্তের পরিমাণ ৯৬ হাজার ৬৫৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৫৭২ জন।
বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুর সংখ্যা কমলেও কানাডায় কমতি নেই। কভিড-১৯ এ এই মৃত্যুর পরিমাণ কুইবেকের মন্ট্রিয়ল এবং অন্টারিও’র টরন্টো শহরেই বেশি। তবে অর্ধেকের চেয়ে বেশি কুইবেক প্রদেশে।
উল্লেখ্য কানাডার ভ্যাংকুভারে গত ৮ মার্চ প্রথম করোনায় মারা গেলেও এখন সেখানকার পরিস্থিতি ঘুরে দাঁড়াচ্ছে। তুলনামূলক ব্রিটিশ কলম্বিয়ায় মৃতের সংখ্যা অনেক কম। কানাডার ভ্যাংকুভার শহরে টানা চতুর্থ দিনের মতো কোন মৃত্যুর সংখ্যা নেই। এই শহরে সবচেয়ে বেশি মৃত্য হয়েছে বয়স্ক ব্যক্তিদের এবং ওল্ড কেয়ার হোমে যারা ছিলেন।
কানাডায় এ পর্যন্ত দশ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। কানাডার বৃহত্তর দুটি শহর টরন্টো এবং মন্ট্রিয়লে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি। কারণ, অনেকেই লকডাউনের নিয়মকানুন মানছেন না। দেখা যাচ্ছে, টরন্টোর পার্কগুলোতে লোকজনে গিজগিজ করছে। কোথাও সামাজিক দুরত্ব মানা হচ্ছে না। কানাডার বিভিন্ন পার্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পার্কগুলোতে সামাজিক দুরত্ব মেনে চলার জন্য গোল গোল বৃত্তাকার করে দেওয়া হবে এবং তা কার্যকরী করা হবে।
এদিকে কানাডার আলবার্টায় স্টেজ ২-এ পাবলিক লাইব্রেরি, সিনেমা থিয়েটার, কমিউনিটি হল, ব্যক্তিগত সার্ভিস এবং টিমন স্পোর্টসসহ একাধিক ব্যবসা ও প্রতিষ্ঠান খুলবে।
কিন্ডারগার্টেন থেকে গ্রেট -১২ স্কুল ডিপ্লোমা পরীক্ষা এবং গ্রীষ্মকালীন স্কুলগুলো ও খুলে দেওয়া হবে।
কানাডায় বিভিন্ন প্রভিন্সে মসজিদে জুম্মার নামাজ সহ অন্যান্য নামাজ শুরু হয়েছে।
এদিকে আগামী ২১ জুন কানাডা-আমেরিকার বর্ডার খুলে দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে পারিবারিক সদস্যদের আসা-যাওয়া শুরু হয়েছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- কভিড-১৯
- সামাজিক দুরত্ব
- করোনা