করোনাভাইরাস ছড়াতে শুরু করেছিল গত বছরের আগস্টেই!
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২০ | ০০:৫৫
নভেম্বরে নয়, করোনাভাইরাস ছড়াতে শুরু করেছিল গত বছরের আগস্ট থেকেই। বোস্টন এবং হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকদের প্রাথমিক গবেষণায় এ কথা বলা হয়েছে। হাসপাতালে রোগীর যাতায়াত বাড়া এবং কভিড ১৯ এর উপসর্গ বিষয়ে ইন্টারনেটে খোঁজাখুঁজির কারণে গবেষকরা ধারণা করছেন চীনের উহানে করোনাভাইরাস সম্ভবত ওই সময় থেকেই ছড়াতে শুরু করে। নতুন গবেষণাপত্রটি অবশ্য এখনও পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হয়নি। খবর আল জাজিরার।
পশু থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাস ২০১৯ সালের ডিসেম্বরেই উহানের হুনান সিফুড মার্কেটে প্রথম শনাক্ত হয়। কিন্তু পরে বিশেষজ্ঞরা জেনেটিক পূর্বপুরুষের সূত্র ধরে ২০১৯ সালের মধ্য নভেম্বরেই ভাইরাসটির ছড়িয়ে পড়ার কথা বলেন।
সরকারি তথ্যের উল্লেখ করে সাউথ চায়না মর্নিং পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে, ১৭ নভেম্বরে ফিরে গেলে কোভিড ১৯ এর একজন রোগীও খুঁজে পাওয়া যাবে না।
এলাইন নসেসির নেতৃত্বে বোস্টন ইউনিভার্সিটির একদল গবেষক ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত উহানের ১১১টি স্যাটেলাইট ইমেজ এবং চীনা সার্চ ইঞ্জিন বাইদুতে কভিড-১৯ এর উপসর্গ সম্পর্কিত তথ্য খোঁজাখুঁজি বিশ্লেষণ করে।
তারা বলছেন, ২০১৯ সালের আগস্ট থেকে উহান হাসপাতালের পার্কিং লটে অবিশ্বাস্য রকম ভিড় দেখা গেছে।
এছাড়া সার্চ ইঞ্জিনে কভিড- ১৯ এর সুনির্দিষ্ট উপসর্গ কাশি এবং ডায়রিয়া বিষয়ে খোঁজাখুঁজি চোখে পড়েছে।
গবেষকরা বলেছেন, এর আগের ফ্লু মৌসুমে ডায়রিয়া নিয়ে এতো খোঁজাখুঁজি করা হয়নি। আর এ ডায়রিয়া কমিউনিটি ট্রান্সমিশনে ব্যাপক ভূমিকা রেখেছে বলে তারা মনে করছেন।
- বিষয় :
- কমিউনিটি ট্রান্সমিশন
- ডায়রিয়া
- করোনাভাইরাস