ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

দুই কোরিয়ার লিয়াজোঁ অফিস উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া

দুই কোরিয়ার লিয়াজোঁ অফিস উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৫:৫১

উত্তর কোরিয়ার পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পরই কাজ শুরু করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। দুই কোরিয়ার সীমান্তবর্তী শহর ক্যাসংয়ে অবস্থিত দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ লিয়াজোঁ অফিস উড়িয়ে দিয়েছে তারা। মঙ্গলবার ওই লিয়াজোঁ অফিসে বিস্ফোরণ ঘটে বলে জানায় দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়। খবর বিবিসির

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা গত কয়েক সপ্তাহ ধরে বেড়েই চলছিল। সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় প্রচারণাপত্র পাঠিয়েছিল দক্ষিণ কোরিয়ার কয়েকটি দল। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং সম্প্রতি এক বিবৃতিতে অফিসটি ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে-ইনের মধ্যে আলোচনার পর দুই রাষ্ট্র যৌথ এই অফিস স্থাপন করেছিল।

সিওলের এভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফ-এরিক ইজলি বলেছেন, লিয়াজোঁ অফিসে উত্তর কোরিয়ার সহিংস হামলা দুই কোরিয়ার পুনর্মিলন ও সহযোগিতার ওপরই প্রতীকী আঘাত।

১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পর দুই পক্ষের মধ্যে কোন শান্তি চুক্তি হয়নি। সুতরাং বলা যায়, দুই কোরিয়া কৌশলগতভাবে এখনো যুদ্ধে লিপ্ত রয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়া এক বিবৃতি বলেছে, উত্তর কোরিয়া যদি পরিস্থিতি এভাবে উত্তপ্ত করতে থাকে, তাহলে  তারাও এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার  কথা বিবেচনা করবে।

 বিবৃতিতে বলা হয়েছে, যারা আন্তঃকোরীয় মিলনে কাজ করছে, তাদের জন্য এটা খুবই হতাশাজনক এক পরিস্থিতি। এর দায়-দায়িত্ব শেষ পর্যন্ত উত্তর কোরিয়াকেই বহন করতে হবে।

আরও পড়ুন

×