আইসিসের নতুন প্র্রধানকে ধরার পুরস্কার দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০২:১৪
ইসলামিক স্টেটের নতুন প্রধান আমির মোহাম্মদ সাইদ আবদুর রহমান আল মাওলাকে ধরতে পারলে ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রাম বর্ধিত আর্থিক অঙ্ক দ্বিগুণ করার কথা জানিয়েছে। আইসিসের নয়া প্রধান কোথায় আত্মগোপন করে রয়েছেন, সে সম্পর্কিত তথ্য দিতে পারলেই মিলবে এই অর্থ। বুধবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিজে এ ঘোষণা দেন।
মোহাম্মদ সাইদ আবদুর রহমান আল মাওলা হাজি আবদুল্লাহ ওরফে আবু-উমর তুর্কমানি নামেও পরিচিত। ২০১৯ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের হামলায় আবু বকর আল-বাগদাদি নিহত হলে তার উত্তরসূরি হিসেবে ইসলামিক স্টেটের প্রধান হন হাজি আবদুল্লাহ। ইসলামিক স্টেটের (আইসিস) অন্যতম বলিষ্ঠ মতাদর্শী হিসাবে আল-মাওলা নিজেও উত্তর-পশ্চিম ইরাকে ইয়াজিদি ধর্মীয় সংখ্যালঘু অপহরণ, হত্যা ও পাচারসহ সবকিছুর সঙ্গেই জড়িত বলে যুক্তরাষ্ট্রের দাবি।
আল-মাওলার জন্ম ইরাকের মসুলে, ১৯৭৬ সালে। আইসিসে যোগ দেওয়ার আগে ইরাকে আল-কায়দার নেতা হিসেবে কাজ করেছেন। আইসিসে যোগ দেন বাগদাদির ডেপুটি হয়ে। আইসিস গোষ্ঠীর কয়েকটি সন্ত্রাসবাদী অভিযানের নেতৃত্বও তিনি দিয়েছেন বলে দাবি করা হয়। চলতি বছরের ১৮ মার্চ আল-মাওলাকে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদী' ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক আল-মাওলার সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবেন না। করা হলে কিংবা আইসিসকে কোনো ভাবে সাহায্য করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। সূত্র : সিএনবিসি, ইন্ডিয়া টুডে।
- বিষয় :
- ইসলামিক স্টেট
- ঘোষিত পুরস্কার
- আইসিস