ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে আপত্তি ন্যাটো মহাসচিবের

ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে আপত্তি ন্যাটো মহাসচিবের
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৩:৩৫

বৈশ্বিক নিরাপত্তার জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে আপত্তি জানিয়েছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েনস স্টল্টেনবার্গ। জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের ৯ হাজার সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পরিপ্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানালেন তিনি। খবর ডয়েচে ভেলে’র।

জার্মানিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৬ হাজার সৈন্য রয়েছে। ট্রাম্পের ঘোষণা কার্যকর হলে সেখানে সেনা সংখ্যা নেমে আসবে ২৫ হাজারে। এর আগে ন্যাটো জার্মানিকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর শর্ত দিয়েছিল। তবে জার্মানি তাতে রাজি না হওয়ায় সেখান থেকে নয় হাজার সেনা ফিরিয়ে আনার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু ইউরোপে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ন্যাটো মহাসচিব। তা ব্যাহত হলে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

স্টল্টেনবার্গ জার্মানিকেও আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন। এর আগে ন্যাটো জার্মানিকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর শর্ত দিয়েছিল। কিন্তু জার্মানি সে প্রস্তাবে সম্মত হয়নি।

স্টল্টেনবার্গের অভিযোগ, জার্মানি ন্যাটোতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। ন্যাটো সদস্যদের মধ্যে সবসময় মতপার্থক্য ছিল। কিন্তু তা সত্বেও ন্যাটো ইতিহাসের সবচেয়ে সফল জোট। ন্যাটো গঠনের মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর একে অন্যকে রক্ষা করা। এই কাজ করতে গিয়ে সবাই সবসময় ঐকমত্যে পৌঁছেছে। 

তবে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে এখন যে মতের পার্থক্য দেখা যাচ্ছে তা কেটে যাবে বলে আশা করছেন ন্যাটো মহাসচিব।

ওদিকের সেনাপ্রত্যাহারের ব্যাপারে ট্রাম্পের ঘোষণার সমালোচনা করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রাম্প-কারেনবাউয়ার ও পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস। তারা ট্রাম্পের এমন ঘোষণাকে একগুঁয়েমি ও অদূরদর্শিতার ফল বলে মন্তব্য করেছেন।

ন্যাটো মহাসচিব বলেন, ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা উত্তর অ্যামেরিকার নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। সে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, জার্মানি ও ইউরোপে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শুধু ইউরোপকে রক্ষা নয়, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আফগানিস্তানসহ অন্যান্য জায়গায়ও স্থিতিশীল অবস্থা বজায় রাখতে পারে।

আরও পড়ুন

×