দুই কানাডিয়ানের বিরুদ্ধে চীনের সিদ্ধান্তে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
বাঁ থেকে- মাইকেল কোভ্রিগ ও মাইকেল স্প্যাভার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৪:০৪ | আপডেট: ২৬ জুন ২০২০ | ০৬:৩৪
দুই কানাডিয়ান নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলার বিষয়ে চীনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ওই সিদ্ধান্তের পর এক বিবৃতিতে অবিলম্বে তাদের মুক্তির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তাদের মতে, কানাডিয়ান নাগরিক, মাইকেল কোভ্রিগ এবং মাইকেল স্প্যাভারকে ‘নির্বিচারে’ আটক করা হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে। খবর এএনআইয়ের।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এই অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যুক্তরাষ্ট্র অবিলম্বে তাদের মুক্তি চায় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে প্রত্যাখ্যান করছে।। অভিযুক্তদের সঙ্গে কথা বলতে এবং তাদের অবস্থা দেখতে কূটনৈতিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বানও জানানো হয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওই বিবৃতিতে।
পম্পেও বলেন, চীন গত ছয়মাস ধরে তাদের সঙ্গে দেখা করা বা কথা বলার বিষয়ে আপত্তি জানিয়ে আসছে।
কানাডার সাবেক কূটনীতিবিদ মাইকেল কোভ্রিগ ও ব্যবসায়ী মাইকেল স্প্যাভারকে ২০১৮ সালের ডিসেম্বর মাসে আটক করা হয়।
কানাডা এ বিষয়ে আলাপ করার জন্য তাদের কূটনীতিকদের অভিযুক্তদের সঙ্গে দেখা করতে অনুমতি দেয়ার অনুরোধ জানালেও চীন তাতে রাজি হয়নি। ২০১৮ সালের ১ ডিসেম্বর কানাডা হুয়াওয়ের নির্বাহী মেং ওয়ানঝুকে গ্রেপ্তার করেছিল। চীন তাতে ক্ষুব্ধ হয়ে পাল্টা হিসেবে কানাডার ওই নাগরিকদের আটক করে। কোনো অভিযোগ ছাড়াই ১৮ মাস কারাগারে চীনের কারাগারে আটক রয়েছেন মাইকেল কোভ্রিগ ও মাইকেল স্প্যাভার।