ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নিজ রাজ্যেই `একঘরে’ গুয়াহাটি

নিজ রাজ্যেই `একঘরে’ গুয়াহাটি
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০২:৪৭

করোনার ভরকেন্দ্র বা হটস্পট হিসেবে দেখা হচ্ছে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিকে। প্রতিদিন গড়ে ৫০০-র বেশি করোনায় আক্রান্ত ধরা পড়ছে সেখানে। তাই গুয়াহাটি থেকে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের ১০টি জেলার স্থানীয় প্রশাসন। খুব জরুরি প্রয়োজনে গুয়াহাটি থেকে আসলেও ১৪ দিন কোয়ারেন্টিনে কাটাতে হবে। গুয়াহাটিকে এখন উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় হটস্পট হিসেবে ধরা হচ্ছে। খবর এই সময়-এর।

গত রোববার শুধু গুয়াহাটিতেই সর্বোচ্চ ৭৭৭ জনের সংক্রমণ ধরা পড়ে। আর সেদিন পুরো আসাম রাজ্যে নতুন সংক্রমিতের সংখ্যা ছিল ১২০২। মঙ্গলবার পুরো রাজ্যে করোনা কেস ধরা পড়েছে ৮১৪টি, সেখানে গুয়াহাটিতে একাই ছিল ৫৮৮। পরিস্থিতি সামাল দিতে গুয়াহাটি শহরে এখন পুরোদমে কড়া লকউাউন চলছে। রাতেও জারি থাকছে কারফিউ। ৬ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে নিরুপায় হয়েই মুদিখানা খোলার অনুমতি দিতে হয়েছে সরকারকে। তবে দুপুর ১১ থেকে বিকেলে ৪টা পর্যন্তই কেবল খুলে রাখা যাবে। খোলা থাকছে শুধু ওষুধের দোকানগুলো। হাতে গোনা কয়েকটি পেট্রল পাম্পকেও ছাড় দেওয়া হয়েছে। 

গুয়াহাটিতে পরিস্থিতি আক্ষরিক অর্থেই ভয়াবহ হওয়ার দিকেই এগোচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ জুলাই থেকে বাড়ি বাড়ি ঘুরে র‌্যাপিড টেস্টিং শুরু হয়েছে। পুরো আসামে ১৪ হাজার করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে। গুয়াহাটিতে এ পর্যন্ত মারা গেছে ২২ জন।

আরও পড়ুন

×