ট্রাম্পকে চ্যালেঞ্জ করে আদালতে হাভার্ড ও ম্যাসাচুসেটস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৫:০৭
বিদেশি ছাত্রদের তাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাইডলাইনকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি। সোমবার ম্যাসাচুসেটসের ফেডারেল কোর্টে করা রিটে ওই গাইডলাইনকে বেআইনি ঘোষণার আবেদন করা হয়। খবর দ্য ইকোনমিক টাইমসের।
সোমবার দেশটির ইমিগ্রেশান অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, আগামী মৌসুমে সামগ্রিক পঠনপাঠন অনলাইনে চলবে এবং বিদেশি কোনো ছাত্রকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হবে না। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই ইসিই এবং মার্কিন সুরক্ষা বিভাগের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলো এই দুই প্রতিষ্ঠান।
ওই দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, এই গাইডলাইন জারি করার আগে ছাত্রদের স্বাস্থ্য ও বিশ্ববিদ্যালয়ের মতামতের পরোয়া করেনি ট্রাম্প প্রশাসন। কোনো নোটিশও পাঠানো হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
অভিযোগপত্রে লেখা হয়েছে, ইমিগ্রেশান অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের খামখেয়ালিপনায় হাজার হাজার বিদেশি ছাত্রের যুক্তরাষ্ট্রে শিক্ষাগ্রহণের আর কোনো সুযোগ থাকছে না। ফল সেমিস্টার আসন্ন। এতো স্বল্প মেয়াদে এই ছাত্রদের নতুন কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ারও অবকাশ থাকবে না। একই সঙ্গে এই ছাত্রদের দেশে ফেরা খরচসাপেক্ষ এবং আশঙ্কাজনক।
সোমবারের সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক ছাত্রদের মোট ক্লাসের কিছু অংশ শিক্ষাপ্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যে উপস্থিত থেকে করতে হবে। যদি গোটা পঠনপাঠনটাই অনলাইনে সারা হয়, তবে ভিসা বাতিল হবে আন্তর্জাতিক ছাত্রদের। নতুন করে ভিসা ইস্যু করারও সুযোগ থাকবে না। এই বিবৃতিতে বেকায়দায় পড়ে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত কয়েক লাখ বিদেশি ছাত্র।