ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পিকফোর্ডের কাছে ছিল আর্জেন্টিনাকে ঠেকানোর গোপন ছক, কিন্তু...

পিকফোর্ডের কাছে ছিল আর্জেন্টিনাকে ঠেকানোর গোপন ছক, কিন্তু...
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১১:৪৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১২:৫২

রুদ্ধশ্বাস সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এমন জয়ের পর আটলান্টায় বাঁধভাঙা উল্লাসে মাতেন আর্জেন্টাইন ফুটবলাররা। এমনকি ইংলিশ ফুটবলাররা মাঠ ছেড়ে যাওয়ার পরেও লিওনেল স্কালোনির শিষ্যরা দীর্ঘ সময় মাঠে থেকে উদযাপন করেন। এর মধ্যেই ঘটে আরেকটি চমকপ্রদ ঘটনা।

উদযাপন চলাকালীন মাঠেই ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল পেয়ে যায় আর্জেন্টিনা শিবির। সেখানে মিলেছে আর্জেন্টিনাকে আটকে দেওয়ার একটি গোপন পরিকল্পনা!

ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা যখন সতীর্থ ও সমর্থকদের নিয়ে উদযাপনে ব্যস্ত, তখন দলের ম্যাসাজ থেরাপিস্ট মার্সেলো ডি’আন্দ্রেয়ার হাতে আসে পিকফোর্ডের পানির বোতল। বোতলের সঙ্গে লাগানো ছিল একটি বিশেষ নোট, যেখানে সম্ভাব্য টাইব্রেকারের কথা মাথায় রেখে আর্জেন্টিনার পেনাল্টি শুটারদের নাম এবং তারা সাধারণত কোন দিকে শট নেন, সেই তথ্য লেখা ছিল।এ সময় সম্প্রচার ক্যামেরায় দেখা যায়, ডি’আন্দ্রেয়া বোতলটি নিয়ে যান লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস ও মার্কোস সেনেসির কাছে। মেসি মনোযোগ দিয়ে কাগজটি পড়ার চেষ্টা করেন। পরে সবাই মিলে সেটি নিয়ে আলোচনা করেন।

কেবল মেসি-গঞ্জালেস নয়, ম্যাচের ৮৫ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরানো এনজো ফার্নান্দেজের নামও সেই নোটে লেখা ছিল। নিজের নাম খুঁজে পেয়ে হেসে ফেলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এরপর আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করেন, যেন ম্যাচটি টাইব্রেকারে না গড়ানোয় স্বস্তিই প্রকাশ করছেন তিনি।পিকফোর্ডের সেই বিশেষ নোট অবশ্য শেষ পর্যন্ত কাজে আসেনি। যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ালে সেই নোটই হতে পারত পিকফোর্ডের বড় অস্ত্র।

এদিকে পিকফোর্ডের সেই নোট সম্বলিত বোতলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেছেন আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্তিন। সেখানে দেখা যায়, আর্জেন্টিনার সম্ভাব্য সকল পেনাল্টি শুটারের জন্য আলাদা আলাদা নির্দেশনা লিখে রেখেছিলেন পিকফোর্ড।

আরও পড়ুন

×