উগ্রবাদীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার খবর অস্বীকার পাকিস্তানের
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৩:০৮
নিষিদ্ধঘোষিত উগ্রবাদী গোষ্ঠীগুলোর ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার খবর প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি মঙ্গলবার ইসলামাবাদে এক বক্তৃতায় ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবর প্রত্যাখ্যান করে বলেন, পাকিস্তান সরকার নিষিদ্ধ উগ্রবাদী গোষ্ঠীগুলোর ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করেছে। খবর পার্সটুডে’র।
এমনকি জাতিসংঘের সন্ত্রাসী তালিকা থেকে যেসব উগ্রবাদীর নাম বাদ দেওয়া হয়েছে তাদের ব্যাপারেও ইসলামাবাদের নীতিতে পরিবর্তন আসেনি এবং তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে না বলে দাবি করেছেন আয়েশা ফারুকি।
পাকিস্তান সরকার ২০১৮ সালে ‘এফএটিএফ’ভুক্ত দেশগুলোর অন্তর্ভুক্ত হওয়ার পর এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক কালো তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সব উগ্রবাদী গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।
কোনো দেশ এফএটিএফ’ভুক্ত দেশ হতে পারলে তার পক্ষে বিদেশি পুঁজি বিনিয়োগ আকৃষ্ট করার কাজ সহজ হয়। এ ছাড়া, এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্ত দেশগুলো নানা ধরনের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়। ব্রিটিশ গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরের সত্যতা প্রমাণিত হলে এফএটিএফ পাকিস্তানকে তার কালো তালিকায় ফেলে দিতে পারে।
- বিষয় :
- উগ্রবাদী গোষ্ঠী
- ব্যাংক অ্যাকাউন্ট
- এফএটিএফ