ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকরের সময়সীমা এক দিন পেছালো
ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ | ১৭:৪৫
ইয়েমেনে একটি হত্যা মামলায় ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন সে দেশের সর্বোচ্চ আদালত। বুধবার তার সাজা কার্যকর হওয়ার কথা থাকলেও ভারতের অনুরোধে তার মৃত্যুদণ্ড কার্যকরের সময়সীমা এক দিন পিছিয়ে দিতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনার জোর চেষ্টা চলেছে এবং তারই প্রেক্ষিতে মাহদির পরিবার অন্তত একদিনের জন্য মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে সম্মত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তবে মৃত্যুদণ্ড কার্যকরের সময়সীমা পেছানোর অর্থ এই নয় যে নিমিশা প্রিয়াকে ক্ষমা করা হয়েছে বা তাকে ভারতে ফেরত পাঠানো হবে। তিনি এখনো ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগারে বন্দি রয়েছেন—যেখানে ভারতের সরাসরি কূটনৈতিক প্রভাবও খুবই সীমিত।
নিমিশা প্রিয়া ২০০৮ সালে নার্সের চাকরি নিয়ে ইয়েমেনে যান। পরে স্বামী ও কন্যাসহ সেখানে বসবাস শুরু করেন। কিন্তু ২০১৪ সালে স্বামী-কন্যা দেশে ফিরে এলে তিনি সেখানে থেকে যান নিজের ক্লিনিক খোলার আশায়। ক্লিনিক খোলার আইনি বাধ্যবাধকতার কারণে স্থানীয় নাগরিক তালাল আব্দো মাহদির সঙ্গে অংশীদারত্ব গড়েন তিনি। কিন্তু শুরু থেকেই তাদের মধ্যে বিরোধ তৈরি হতে থাকে।
নিমিশার অভিযোগ, মাহদি তাকে জোর করে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেন, তার টাকা ও পাসপোর্ট আত্মসাৎ করেন এবং প্রশাসনিক সহায়তা পাওয়ার পথ রুদ্ধ করে দেন। পুলিশের দ্বারস্থ হলেও কোনো ফল মেলেনি।
২০১৭ সালের ২৫ জুলাই ঘটনার মোড় ঘুরে যায়। অভিযোগ অনুযায়ী, ওইদিন মাহদিকে ঘুমের ইনজেকশন দেন নিমিশা, যার লক্ষ্য ছিল তার পাসপোর্ট উদ্ধার। কিন্তু ওভারডোজে মাহদি মারা যান। পরে এক সহকর্মীর সহায়তায় তার মরদেহ টুকরো করে পানির ট্যাংকে ফেলে দেন। পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার হন নিমিশা।
এরপর থেকেই ইয়েমেনের কারাগারে বন্দি রয়েছেন তিনি। ২০১৮ সালে ইয়েমেনের আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়, যা ২০২৩ সালে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং প্রেসিডেন্ট কর্তৃক সেই সাজা বহাল রাখা হয়।
- বিষয় :
- নার্স
- মৃত্যুদণ্ড
