মহারাষ্ট্রে প্লাজমার রমরমা চোরাচালান
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৩:৩৯ | আপডেট: ১৬ জুলাই ২০২০ | ১৩:১০
চোরাপথে প্লাজমার ব্যবসা রীতিমত জাঁকিয়ে বসেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। নতুন ধরনের এই চোরাই কারবারের পেছনে এক বা একাধিক র্যাকেট কাজ করছে বলে মনে করছে সেখানকার গোয়েন্দা দফতর। প্লাজমার চোরাচালান থেকে সতর্ক থাকতে সাধারণ মানুষকে সাবধান করেছে মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবারই এই বিষয়ে সতর্কতা জারি করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। খবর এনডিটিভির।
এই ধরনের ঘটনার বেশ কয়েকটি রিপোর্ট তার কাছে এসেছে বলে জানিয়েছেন দেশমুখ। এমনকি করোনার চিকিৎসার জন্য প্লাজমা যাদের প্রয়োজন, তাদের কাছ থেকে প্লাজমার বিনিময়ে মোটা টাকা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, 'করোনা চিকিৎসায় প্লাজমার থেরাপির উপকার পাওয়া গেছে। এই অবস্থায় অনেকেই প্রতারিত হচ্ছেন। এই ধরনের প্রতারকদের থেকে সাবধান।'
অন্য দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গত মে মাস থেকে ভারতে প্লাজমা থেরাপি শুরু হয়। দিল্লিতে প্লাজমা থেরাপির প্রথম ট্রায়াল হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেখানে প্লাজমা ব্যাংকও বানিয়েছেন।
সাইবার বিশেষজ্ঞ এবং আইনজীবী ড. প্রশান্ত মালি জানিয়েছেন, প্লাজমা ডোনার হতে পারেন এমন অনেকেই আশঙ্কাজনক করোনা রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্লাজমার বিনিময়ে লাখ লাখ রুপি চাইছেন। ডার্ক ওয়েবের মাধ্যমেও প্লাজমা বিক্রি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতি মোকাবিলায় করোনার চিকিৎসার জন্য শুধু নথিভুক্ত হাসপাতাল এবং ডাক্তারের কাছেই সাধারণ মানুষকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
- বিষয় :
- প্লাজমা
- করোনাভাইরাস
- করোনার প্রাদুর্ভাব