চার মাসে ধূমপান ছেড়েছে ১০ লাখ মানুষ
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৪:০৭ | আপডেট: ১৬ জুলাই ২০২০ | ০৪:২২
মহামারির সময় প্রায় ১০ লাখ মানুষ ধূমপান ছেড়ে দিয়েছে। অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এই ৪ মাসে যারা সিগারেট ছেড়েছেন তাদের মধ্যে ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে সিগারেট ছেড়েছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডন বলেছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত হিসেব করলে এই বছরের চেয়ে বেশি কোনো বছরই এত মানুষ ধূমপান ছাড়েনি। খবর বিবিসি বাংলার।
গত ১৫ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত ১০ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে এই ফলাফল পায় অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের সংস্থাটি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে বিগত চার মাসে যারা ধূমপান ছেড়েছে তাদের মধ্যে ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে এটি ছাড়ার কথা জানিয়েছেন।
ওই জরিপ অনুযায়ী, লকডাউনের সময় ১৬ থেকে ২৯ বছর বয়সী ৪ লাখ মানুষ ধূমপান ছেড়েছে। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ধূমপান ছেড়েছে ২ লাখ ৪০ হাজার। এছাড়াও ৩০ থেকে ৪৯ বছর বয়সী আরো ৪ লাখ মানুষ ধূমপান ছেড়েছে বলে ওই জরিপে জানানো হয়েছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন আরেক জরিপের ফলাফলে জানায়, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত এই বছরই সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে।
ধূমপান ফুসফুসের মারাত্মক ক্ষতি করে বলে করোনাকালে ধূমপান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর এই সাবধানবাণীই মানুষকে ধূমপান ছাড়তে উৎসাহিত করেছে বলে মনে করছেন গবেষকরা।
- বিষয় :
- মহামারি
- করোনাভাইরাস
- সিগারেট