বৈরুতে প্রাণহানি বিস্ফোরণে নয়, বোমা হামলায় হয়েছে: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২০ | ০৬:০০
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে এক ব্রিফিং-এ ট্রাম্প এমন মন্তব্য করেছেন। খবর পলিটিকোর
বৈরুতে মঙ্গলবারের জোড়া বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ।
বিস্ফোরণের ঘটনাকে ‘ভয়াবহ হামলা’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি আমাদের কয়েকজন জেনারেলের সঙ্গে সাক্ষাত করেছি এবং তারা মনে করছেন যে এটি কোনও উৎপাদন সংক্রান্ত বিস্ফোরণ ধরনের ঘটনা নয়। তারা মনে করে এটি হামলার ঘটনা ছিল। এটি ছিল এক ধরনের বোমা বিস্ফোরণ। তারা আমার চেয়ে আরও ভাল জানে।’
এ ঘটনায় লেবাননের জনগণকে সমবেদনা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, প্রথমেই আমি লেবাননের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কয়েকশ মানুষ গুরুতর আহত হয়েছে। হতাহত ও তাদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা রইল।
লেবাননের মানুষের জন্য সহায়তা পাঠানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, লেবাননের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক রয়েছে। আমেরিকার তাদের পাশে থাকবে।
এদিকে লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান বলেছেন, অত্যন্ত বিস্ফোরক রাসয়নিক পদার্থের গুদামে এই বিস্ফোরণ ঘটেছে।
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ছয় বছর ধরে বন্দরে অরক্ষিতভাবে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ করা ছিল। এ থেকেই বিষ্ফোরণ ঘটেছে।
ভয়বাহ এই বিস্ফোরণের ঘটনায় বুধবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। দুই সপ্তাহের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণারও চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট।
এদিকে বন্দরে অ্যামোনিয়াম নাইট্রেটের মজুদ কেন ছিল, কাস্টমস কর্তৃপক্ষের কাছে তার জবাবদিহি চাওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, বিস্ফোরণের জন্য যারাই দায়ী হোক, তাদের চরম মাশুল দিতে হবে।
- বিষয় :
- লেবানন
- বৈরুত
- বোমা হামলা
- ডোনাল্ড ট্রাম্প
- বিস্ফোরণ