করোনা: কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তার সতর্কতা
ডক্টর থেরেসা টম
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ২৩:৩৪ | আপডেট: ০৬ আগস্ট ২০২০ | ২৩:৪৪
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডক্টর থেরেসা টম সতর্ক করে বলেছেন, আগামী আরও দুই থেকে তিন বছর সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে, এমনকি করোনার ভ্যাকসিন এলেও।
কানাডার স্থানীয় গণমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, দেশটির প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তার মতে, কভিড-১৯ ভ্যাকসিন কোনো 'জাদুকরী সমাধান' হবে না, যা করোনভাইরাস মহামারির দ্রুত সমাপ্তি ঘটাবে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে।
মঙ্গলবার অটোয়ায় ‘ভ্যাকসিনের গতি এবং কার্যকারিতা সম্পর্কে প্রত্যাশা মেটানো’ শীর্ষক এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শারীরিক দূরত্ব বজায় রাখা, যথাযথভাবে হাত ধোয়া এবং মাস্ক পরার ওপর পুনরায় গুরুত্ব আরোপ করে কোনো ভ্যাকসিন কয়েক মাসের মধ্যে করোনা পূর্ববর্তী অবস্থা ফিরিয়ে আনবে- এমন ধারণা থেকে দূরে থাকতে বলেছেন থেরেসা টম।
তিনি আরও বলেন, ‘আমরা এই পর্যায়ে আমাদের সমস্ত ফোকাস একটি ভ্যাকসিনের ওপর রাখতে পারি না এই আশায় যে এটি জাদুকরী সমাধান। তবে অবশ্যই আমরা পরের দুই থেকে তিন বছরের দীর্ঘ মেয়াদের জন্যও পরিকল্পনা করছি, যেখানে ভ্যাকসিন কী ভূমিকা পালন করবে, আমরা তা এখনও জানি না।’
- বিষয় :
- জনস্বাস্থ্য কর্মকর্তা
- ভ্যাকসিন
- করোনাভাইরাস