নিজের করোনা আক্রান্তের খবরকে মিথ্যা বললেন ভারতের সাবেক প্রধান বিচারপতি
রঞ্জন গগৈ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ০২:০২ | আপডেট: ০৭ আগস্ট ২০২০ | ০৩:১২
ভারতীয় সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ও বর্তমানে রাজ্যসভার সদস্য রঞ্জন গগৈ তার করোনায় আক্রান্তের খবর অস্বীকার করেছেন। গত ৫ আগস্ট ভারতের সংবাদপত্র ‘পত্রিকা’, টিভি চ্যানেল টিভি নাইন ভারতবর্ষ ও ওয়ান ইন্ডিয়াসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে তার করোনা পজিটিভের খবর দেওয়া হয়। তবে বুধবার ‘বুম’ নামের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে ফোনালাপে সাবেক এই প্রধান বিচারপতি তার করোনায় আক্রান্তের খবরটি মিথ্যা বলে জানান।
৫ আগস্ট রঞ্জন গগৈর করোনা আক্রান্তের খবর প্রকাশ হলে সত্যতা যাচাইয়ের জন্য বুম-র পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। টেলিফোন আলাপে রঞ্জন গগৈ বলেন, 'না, আমার করোনা পজিটিভের খবর সত্যি নয়। এটা মিথ্য খবর।'
ভারতের আইনবিষয়ক সংবাদের প্রধান ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ও তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রঞ্জন গগৈয়ের করোনা আক্রান্তের খবরটি সত্য নয় বলে উল্লেখ করে। রঞ্জন গগৈ বক্তব্য উল্লেখ করে টুইটে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি ও রাজ্যসভার সদস্য রঞ্জন গগৈ করোনায় আক্রান্ত বলে খবর প্রকাশিত হওয়ার পর বিচারপতি গগৈ 'বার অ্যান্ড বেঞ্চ'-কে নিশ্চিত করেছেন, খবরটি সঠিক নয়।
যে তিনটি সংবাদ মাধ্যম রঞ্জন গগৈর করোনা সংক্রমণের খবর দিয়েছে, সেগুলো প্রায় একই ধরনের শিরোনাম ব্যবহার করেছে। তিনটি সংবাদ মাধ্যমের শিরোনামে বলা হয়, ‘রামমন্দির মামলার রায়দানকারী বিচারপতি রঞ্জন গগৈ করোনা পজিটিভ’। এছাড়া তারা কোনো সূত্র উল্লেখ করেনি বলেও ‘বুম’-এর খবরে উল্লেখ করা হয়েছে।
- বিষয় :
- রঞ্জন গগৈ
- করোনা
- করোনাভাইরাস