ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার, এক সপ্তাহ প্রস্তুত থাকার পরামর্শ

জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার, এক সপ্তাহ প্রস্তুত থাকার পরামর্শ
×

ভূমিকম্পে সৃষ্ট গর্তে আটকে যায় গাড়ি। মঙ্গলবার তা উদ্ধার করা হয়। জাপানের আওমরিতে। ছবি: দ্য জাপান টাইমসের সৌজন্যে

দ্য জাপান টাইমস

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ১৩:৪৯ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ | ১৩:৫৮

জাপানে সোমবারের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ও অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুরুতে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ জানানো হলেও পরে তা সংশোধন করা হয়। তাৎক্ষণিক সুনামির সতর্কতা জারি হলেও মঙ্গলবার তা প্রত্যাহার করা হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আওমরি উপকূলের অদূরে। এর পরপরই হোক্কাইডো ও আওমরির পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। পাঁচটি অঞ্চলের সোয়া ১ লাখ বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও উঠিয়ে নেওয়া হয়েছে। 

ভূমিকম্পে পানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে আওমরি ও ইওয়াতে প্রায় ৪৮০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা আওমরির হাচিনোহে শহরে জাপানি শিন্ডো স্কেলে আপার-৬ রেকর্ড করা হয়। এটি প্রায় ৫০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

এদিকে সুনামি সতর্কতা প্রত্যাহার হলেও জাপানের বাসিন্দাদের আগামী এক সপ্তাহ সতর্ক ও ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে রাখতে পরামর্শ দিয়েছে সরকার। মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, আগের যেকোনো সময়ের তুলনায় হোক্কাইডো থেকে সানরিকু উপকূলের অদূরবর্তী অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা এখন বেশি।

সরকারের পক্ষ থেকে জারি করা বিশেষ পরামর্শে বলা হয়েছে, আগামী এক সপ্তাহে আরও ভূমিকম্পের ঝুঁকি আছে। তাই সবাইকে সতর্ক ও সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তবে স্বাভাবিক কাজ বাদ দেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন

×