ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পারমাণবিক সক্ষমতার রকেট লঞ্চারের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

পারমাণবিক সক্ষমতার রকেট লঞ্চারের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
×

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা পর্যবেক্ষণ করেন কিম জং উন ও কিম জু আয়ে। ছবি: কেসিএনএ/ এএফপি

এএফপি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১৬:৩৭

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বসন্তকালীন সামরিক মহড়া শুরুর পর পিয়ংইয়ং এমন পরীক্ষা চালাল।

রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম জং উন শনিবার বহুমুখী রকেট লঞ্চার ব্যবস্থা (এমআরএলএস) পরীক্ষা তদারকি করেছেন। এতে ৬০০ এমএম ক্যালিবারের ১২টি রকেট লঞ্চার এবং দুটি আর্টিলারি ইউনিট ছিল।

পরিদর্শন শেষে কিম বলেন, ৪২০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই অস্ত্রের পরীক্ষার মাধ্যমে শত্রুরা অস্ত্রটির ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে গভীর ধারণা লাভ করবে। কেসিএনএ জানায়, উৎক্ষেপিত রকেটগুলো ৩৬০ কিলোমিটার দূরে পূর্ব সাগরের একটি দ্বীপে আঘাত হানে। 

কিম জং উন এই এমআরএলএসকে অত্যন্ত প্রাণঘাতী কিন্তু আকর্ষণীয় অস্ত্র বলে প্রশংসা করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বড় যানবাহন থেকে একাধিক রকেট আকাশে ছুটে যাচ্ছে। আরেকটি ছবিতে দেখা যায়, কিম তাঁর মেয়ে কিম জু আয়ের সঙ্গে দূর থেকে উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছেন।

কিম জু আয়েকে দীর্ঘদিন ধরে দেশটির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এই ধারণাকে আরো জোরালো করেছে। 

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এই উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনের উসকানি হিসেবে দেখছে। তারা অবিলম্বে পিয়ংইয়ংকে এমন কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। 

এই উৎক্ষেপণের কয়েক ঘণ্টা আগে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সক বলেছিলেন, ‘কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভালো বৈঠকের আশায় আছেন।’ ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি দীর্ঘদিন উপেক্ষা করলেও সম্প্রতি কিম জং উন বলেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ংয়ের পারমাণবিক অবস্থান মেনে নেয়, তবেই দুই দেশ একসঙ্গে চলতে পারে।

আরও পড়ুন

×