ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাজ্যকে ইরানের কঠোর হুঁশিয়ারি

‘ঘাঁটি ব্যবহার করতে দেওয়া মানে আগ্রাসনে শরিক হওয়া’

‘ঘাঁটি ব্যবহার করতে দেওয়া মানে আগ্রাসনে শরিক হওয়া’
×

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১৬:২৩ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ১৯:৩৭

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে নিজের অবস্থান আরও কঠোর করল ইরান। ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর সুযোগ দিলে, তা সরাসরি ‘আগ্রাসনে অংশগ্রহণ’ হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেত কুপারের সঙ্গে ফোনালাপে এই বার্তা দেন তিনি।

আব্বাস আরাগচি তার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানান, যুক্তরাজ্যের এই ধরনের পদক্ষেপ নিশ্চিতভাবেই আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে, যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে নথিভুক্ত হয়ে থাকবে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরান আত্মরক্ষার অধিকার আদায়ে ছাড় দেবে না বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, কূটনৈতিক পর্যায়ে আলোচনা যখন চলমান, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে এই যুদ্ধ শুরু করেছে। তিনি ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলোর কড়া সমালোচনা করে বলেন, ‘তাদের ভূমিকা পক্ষপাতদুষ্ট’। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে হামলা চালানোর ঘটনায়  ইউরোপের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আরাগচি তার বক্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের একটি স্কুলে ভয়াবহ বোমা হামলার কথা পুনরায় সামনে আনেন। ওই হামলায় ১৬৫ জনের বেশি নিহত হন, যাদের অধিকাংশ শিশু। আরাগচি এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কুলে হামলার জন্য ইরানকে দায়ী করেন। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ তদন্তে বেরিয়ে এসেছে যে, ওইদিন ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে, যা মার্কিন সামরিক বাহিনী নিক্ষেপ করে।

আরাগচির কঠোর বার্তার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্য সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন

×