ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে ১০ হাজার সৈন্য পাঠানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ১০ হাজার সৈন্য পাঠানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র
×

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বাড়তি সৈন্য পাঠানোর কথা বিবেচনা করছে। ছবি: সংগৃহীত

এএফপি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৪:২৩

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সর্বোচ্চ ১০ হাজার সেনা পাঠানোর কথা বিবেচনা করছে বলে জানিয়েছে একটি মার্কিন গণমাধ্যম। এর ফলে ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির গুঞ্জন আরও জোরালো হয়েছে।

শুক্রবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে লিখেছে, ডোনাল্ড ট্রাম্পের হাতে মধ্যপ্রাচ্যে যাতে আরও সামরিক বিকল্প থাকে সে লক্ষ্যে অতিরিক্ত সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এই সৈন্যরা আগে থেকে অঞ্চলটিতে মোতায়েন থাকা কয়েক হাজার প্যারাট্রুপার ও মেরিন সেনার সঙ্গে যোগ দেবে।

গত বুধবার ইরানের এক কর্মকর্তা জানান, ওয়াশিংটন যদি তাদের ভূখণ্ডে স্থল অভিযান চালায়, তবে তেহরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সক্রিয় করে লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে প্রতিশোধ নেবে।

ইরান যদি সত্যিই হুতিদের দিয়ে জাহাজে হামলা করায় তাহলে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সংঘাতের এই যুদ্ধে আরেকটি নতুন রণক্ষেত্র তৈরি হবে। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, ইরানে সরাসরি সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তাঁর নেই। 

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, বিবেচনাধীন অতিরিক্ত সেনা মধ্যপ্রাচ্যের ঠিক কোন এলাকায় পাঠানো হবে তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, তারা ইরানের মূল ভূখণ্ড এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের আশপাশে থাকবে। এ বিষয়ে জানতে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, তবে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

এদিকে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুদ্ধ বন্ধের আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে। কিন্তু হামলা এখনো বন্ধ হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার ভোরে জানিয়েছে, তারা তেহরানে ইরানি শাসনব্যবস্থার অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।

আরও পড়ুন

×