ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলায় আটজন আহত
ইরানের ক্লাস্টার বোমার আঘাতে গাড়িতে আগুন ধরে যায়। মঙ্গলবার ইসরায়েলে। ছবি: হারেৎজের সৌজন্যে
টাইমস অব ইসরায়েল
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ২০:১৩
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলে আটজন আহত হয়েছেন। এই হামলায় ক্লাস্টার বোমা (গুচ্ছ বোমা) ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। সোমবার রাতে ইরানের শহর ইসফাহানের আশপাশে মার্কিন বিমান হামলায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা আঘাত হানছে তেহরান।
এই আক্রমণগুলো ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে মাসব্যাপী চলা যুদ্ধের তীব্রতাকে আরও স্পষ্ট করে তুলেছে। ইরান এখনও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
মধ্য ইসরায়েলের চিকিৎসকরা জানিয়েছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ছিটকে পড়া ক্লাস্টার বোমার আঘাতে আটজন সামান্য আহত হয়েছেন। এই বোমাগুলো ওই অঞ্চলের বিশাল এলাকাজুড়ে যত্রতত্র ছড়িয়ে পড়েছিল।
বেনেই ব্রাক, রামাত গান এবং পেতাহ তিকভা এলাকায় এই ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার ফলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে।
সোমবার মধ্যরাতের পর মঙ্গলবার এটি ছিল দ্বিতীয় দফার হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, উভয় হামলায় ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে অথবা জনশূন্য খোলা জায়গায় পড়তে বাধ্য করা হয়েছে।
- বিষয় :
- বোমা হামলা
- ইরান
- ইসরায়েল
- আহত
