বেসামরিক স্থাপনায় ট্রাম্পের হামলার হুমকি যুদ্ধাপরাধের শামিল: ইরান
যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত একটি সেতু। ৩ এপ্রিল ইরানের কারাজ শহরে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ১৫:০১ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ | ১৫:০২
ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দেওয়া সময়সীমার মধ্যে চুক্তি না করলে ইরানকে ‘নরকের স্বাদ’ দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। এ নিয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকি যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
সোমবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি বলেছেন, ‘ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলোতে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি যুদ্ধাপরাধের শামিল হতে পারে।’
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ঘারিভাবাদি আন্তর্জাতিক আইনের বিভিন্ন ধারা উল্লেখ করেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাঁর দেশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে যুদ্ধাপরাধ করার হুমকি দিয়েছেন।
ঘারিভাবাদি আরও লিখেছেন, বিদ্যুৎকেন্দ্র এবং সেতুর মতো বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দেওয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম সংবিধির অনুচ্ছেদ ৮(২)(খ) অনুযায়ী একটি যুদ্ধাপরাধ।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে বড় বড় সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। পৃথক এক পোস্টে ট্রাম্প চুক্তি করার সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়ান। লিখেন, ‘পশ্চিমা সময় মঙ্গলবার রাত আটটা’ (বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা)।
এর আগে এক পোস্টে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটিকে নরকের স্বাদ পেতে হবে।’ মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এই বেপরোয়া পদক্ষেপে পুরো অঞ্চলে আগুন জ্বলবে।
- বিষয় :
- বিদ্যুৎকেন্দ্র
- হামলা
- হুমকি
- ডোনাল্ড ট্রাম্প
- ইরান
