যুদ্ধবিরতি
ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের আভাস
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৭:৩২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:০৬
| প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে কূটনীতি আরও গতিশীল হয়েছে। চলমান যুদ্ধবিরতিকে আরও দীর্ঘ করতে ও দুই পক্ষকে ফের একই টেবিলে নিয়ে আসতে চলছে জোর দূতিয়ালি। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের দাবি, দুই পক্ষ আবার সংলাপের জন্য সম্মত হয়েছে। এ অবস্থায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যদি একটি চুক্তিতে না পৌঁছায় তাহলে লড়াই আবার শুরু হবে। হরমুজ প্রণালির বাইরে অবরোধ সৃষ্টি করার প্রেক্ষাপটে তিনি এ হুমকি দিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষের মধ্যে যদি আবারও আলোচনা শুরু হয়, তবে মতানৈক্যের অন্যতম ইস্যু হতে পারে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এ ছাড়া হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দরকষাকষি হতে পারে।
এদিকে বিবিসি জানিয়েছে, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল ৭টা থেকে তা কার্যকর হবে। এর আগে গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৬ বছর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক হয়। তবে এতে কোনো সিদ্ধান্ত আসেনি। গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি চলছে, তা শেষ হবে আগামী ২২ এপ্রিল।
এ অবস্থায় দ্বিতীয় দফার সংলাপ শুরু হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে।
আলজাজিরা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ইরানের পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ গালিবফের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। মধ্যস্থতায় সমঝোতা আলোচনা এগিয়ে নিতেই তিনি তেহরান সফর করছেন। পাকিস্তানের পক্ষ থেকে পরবর্তী আলোচনার আভাস দেওয়া হলেও তা কবে হবে, সে বিষয়ে এখনও গণমাধ্যমে বিস্তারিত আসেনি। তবে ইসলামাবাদেই আবার বসতে পারে দুই পক্ষ।
দ্য ডন জানিয়েছে, যুদ্ধের আবার শুরু ঠেকাতে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের মধ্যেও আলোচনা চলছে। গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল্লাতির সঙ্গে ফোনালাপ করেছেন। তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফক্স বিজনেসকে পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি অটুট রয়েছে, যা আশা ও আত্মবিশ্বাসের জোগান দিচ্ছে। তবে একটি সমঝোতা না হলে কাজ হয়ে গেছে– এমনটা বলা যাবে না।
এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বার্তা সংস্থা এএফপি জানায়, হেগসেথ বলেছেন, ইরান যদি শান্তি আলোচনায় সম্মত না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী আবারও যুদ্ধ শুরু করবে। হরমুজ প্রণালিতে অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যত দিন সম্ভব হরমুজে অবরোধ অব্যাহত রাখবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানকে কঠোর বার্তা দিয়ে বলেন, ‘আমরা তোমাদের দেখছি। তোমাদের সামর্থ্য আমাদের মতো নয়; এটা অসম যুদ্ধ। তোমরা যখন লঞ্চার ঠিক করছ, আমরা তখন আরও শক্তিশালী হচ্ছি।’
যেসব দেশ হরমুজ অবরোধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে, তাদের স্বাগত জানানো হবে বলে জানান হেগসেথ।
এ অবস্থায় দুই পক্ষের মধ্যে হরমুজ নিয়ে উত্তেজনা বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল মার্কিন শীর্ষ জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের বলেন, ইরানকে সমর্থন করা নৌযানকে লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্র।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে মতানৈক্য, তবে আশা বাড়ছে
সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুদ্ধ হয়তো শেষের কাছাকাছি। কারণ, একজন গুরুত্বপূর্ণ পাকিস্তানি মধ্যস্থতাকারী ‘জটিল বিষয়গুলোতে’ একটি অগ্রগতি অর্জন করেছেন বলে জানিয়েছেন। তবে ইরান সতর্ক করেছে, তাদের পারমাণবিক কর্মসূচির ভাগ্য এখনও নির্ধারিত হয়নি।
ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদের কথা জানাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে যাবে, যেখান দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়। গতকাল ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ সফরের ফলে দ্বিতীয় দফা আলোচনা ও দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আশা বেড়েছে। তবে তিনি এও বলেন, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে মৌলিক মতপার্থক্য এখনও রয়ে গেছে।
ইউরোপে ‘ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে’, জানাল আইইএ
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইউরোপে ‘হয়তো ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে।’ তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে তেল সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিল হতে পারে। বিরোল বলেন, হরমুজ প্রণালির অপরিহার্য প্রতিবন্ধকতার কারণে ‘এ যাবৎকালের সবচেয়ে বড় জ্বালানি সংকটে’ পড়বে ইউরোপ।
যুদ্ধে শত শত কোটি টাকা ব্যয়কারী ‘স্বৈরাচারীদের’ সমালোচনায় পোপ
ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও যুদ্ধে শত শত কোটি টাকা ব্যয়কারী নেতাদের সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে তাঁকে আবারও আক্রমণ করার পর তিনি এ মন্তব্য করেন। ক্যামেরুনে সংঘাতকবলিত বামেন্দায় দেওয়া বক্তব্যে প্রথম মার্কিন পোপ তাদেরও নিন্দা করেন, যারা ‘তাদের নিজস্ব সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক লাভের জন্য ধর্ম ও ঈশ্বরের নামকে বিকৃত করেন।’ তিনি সহিংসতাকে ন্যায্যতা দিতে বিশ্বাসের ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যেখানে তাঁকে যিশুর বেশে দেখা যায়। ইরানে স্কুলে হামলা চালিয়ে শিশুদের হত্যা করে যিশুর আদলে ছবি দেওয়ায় অনেকেই এর তির্যক সমালোচনা করেছেন।
- বিষয় :
- যুদ্ধবিরতি
- ইরানে হামলা
