পাকিস্তান যাচ্ছেন জেডি ভ্যান্স
প্রথম দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১২:১২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১২:২০
যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছাড়বেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, মঙ্গলবার সকালের মধ্যেই তিনি রওনা হবেন।
সিএনএনকে একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বুধবার ইসলামাবাদে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সোমবার বিবিসিকে একটি সূত্র জানায়, ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ‘শিগগিরই’ পাকিস্তান সফরে যাবে।
আলোচনায় ইরান অংশ নেবে কিনা—এ বিষয়ে এখনো তেহরানের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেওয়া হবে কি না সে বিষয়ে ইরান এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
বাঘাই বলেন, ‘এখন পর্যন্ত (সংবাদ সম্মেলন চলার সময়) পরবর্তী দফার আলোচনার বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছে যে, তারা কূটনীতি চালিয়ে নেওয়ার বিষয়ে আন্তরিক নয়। আলোচনার প্রস্তুতির দাবি করলেও, যুক্তরাষ্ট্র এমন সব আচরণ করছে যা কোনোভাবেই তাদের কূটনৈতিক প্রক্রিয়া চালানোর আন্তরিকতা প্রকাশ করে না।
কার্গো জাহাজ জব্দের ঘটনার বিষয়ে বাঘাই বলেন, সোমবার ভোরের ওই হামলা এবং বন্দরগুলোতে নৌ-অবরোধ ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে বিলম্বের ঘটনাগুলো যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল বুধবার। এই সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে ফের সংঘাতের প্রবল আশঙ্কায় উদ্বিগ্ন বিশ্ববাসী।
কয়েকদিন আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আগামী দুই দিনে ইসলামাবাদে কিছু ঘটতে পারে। আমরা সেখানে যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।’
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ অন্যদের মধ্যে বৈঠক হয়। ২১ ঘণ্টার সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। মঙ্গলবার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে।
- বিষয় :
- জেডি ভ্যান্স
- যুক্তরাষ্ট্র
- পাকিস্তান
