ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রোনালদোকে রাজকীয় বিদায় দিতে চায় পর্তুগাল

রোনালদোকে রাজকীয় বিদায় দিতে চায় পর্তুগাল
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২০:২৩

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণার পর তাকে রাজকীয় বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। দেশের ফুটবলে তার দীর্ঘদিনের অবদানকে যথাযথ সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করতে চায় সংস্থাটি।

বৃহস্পতিবার পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ও আল নাসর তারকা রোনালদো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তের কথা জানান। তার এই ঘোষণায় বিস্মিত হয়েছেন ফুটবলপ্রেমীরা। কারণ, এর আগে আন্তর্জাতিক অঙ্গনে খেলা চালিয়ে যাওয়ার আগ্রহের কথাই জানিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

রোনালদোর সিদ্ধান্তের পর এক আবেগঘন বিবৃতিতে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানিয়েছে, জাতীয় দলের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য অধিনায়ককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে তারা।

বিবৃতিতে রোনালদোর নেতৃত্ব, নিষ্ঠা ও অবদানের প্রশংসা করে ফেডারেশন বলেছে, তিনি কেবল একজন অসাধারণ ফুটবলারই নন, জাতীয় দলের জন্য অনুপ্রেরণাদায়ী নেতা এবং পর্তুগিজ ফুটবলের চেতনার প্রতীক। দেশের জার্সিতে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে গড়েছেন অনন্য এক ইতিহাস। তাঁর হাত ধরেই পর্তুগাল পেয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত, আর ব্যক্তিগত অর্জনের ঝুলিতেও জমা হয়েছে একের পর এক রেকর্ড।

ফেডারেশনের ভাষায়, মাঠে রোনালদোর প্রতিটি ঘাম ঝরানো মুহূর্ত, গুরুত্বপূর্ণ গোল এবং গর্বের সঙ্গে অধিনায়কের আর্মব্যান্ড পরা, সবকিছুতেই ফুটে উঠেছে দেশের জার্সির প্রতি তার গভীর ভালোবাসা।

জাতীয় দলের হয়ে রোনালদোর অবদান মাঠের পারফরম্যান্সের বাইরেও বিস্তৃত বলে মনে করে ফেডারেশন। বিশ্বমঞ্চে পর্তুগালের পরিচিতি বাড়ানোর পাশাপাশি তাঁর পথ অনুসরণ করতে চাওয়া নতুন প্রজন্মের অসংখ্য ফুটবলারের কাছেও তিনি অনুপ্রেরণা। বিবৃতিতে তাকে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবেও উল্লেখ করা হয়েছে।

তবে রোনালদোর বিদায়কে কেবল একটি ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় না পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে বিশেষ সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা করছে তারা। সমর্থক ও পুরো দেশকে সঙ্গে নিয়ে প্রিয় অধিনায়ককে সম্মান জানানোর লক্ষ্যেই এই উদ্যোগ।

বিবৃতির শেষাংশে রোনালদোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেডারেশন লিখেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক। এই জায়গা সব সময়ই আপনার ঘর হয়ে থাকবে। চলুন, এবার ১০০০ গোলের লক্ষ্যের দিকে এগিয়ে যাই।’

আরও পড়ুন

×