ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বদলি নেমেই ইব্রাহিমের গোল, এগিয়ে বাংলাদেশ

বদলি নেমেই ইব্রাহিমের গোল, এগিয়ে বাংলাদেশ
×
×

ছবি- সাজ্জাদ নয়ন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২১:৪০ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ২১:৪৯

ভুটানের জমাট রক্ষণ ভেঙে অবশেষে গোলের দেখা পেল বাংলাদেশ। বদলি হিসেবে মাঠে নেমেই দলকে এগিয়ে দিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। তার গোলে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৬৯ মিনিটে গোলটি করেন ইব্রাহিম। ডান দিক থেকে ক্রসের পর ভুটানের বক্সে বল নিয়ে তৈরি হয় জটলা। কয়েক দফা বলের দিক পরিবর্তনের মধ্যে সুযোগ বুঝে পা ছুঁইয়ে জালে পাঠান বাংলাদেশের এই ফরোয়ার্ড।

গোলের জন্য পুরো ম্যাচজুড়েই দুই প্রান্ত থেকে ক্রস করে আক্রমণের চেষ্টা চালিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই কৌশলেই মিলেছে সাফল্য। দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সাল আহমেদ ফাহিমের বদলে মাঠে নামেন ফাহামেদুল ইসলাম। পরে ৬১ মিনিটে জামাল ভূঁইয়া ও বিশ্বনাথ ঘোষকে তুলে তাদের জায়গায় সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিমকে নামান কোচ। মাঠে নেমেই গোল করে কোচের আস্থার প্রতিদান দিলেন ইব্রাহিম।

এর আগে ভুটানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দুই দলের লড়াইয়ের প্রথম ৪৫ মিনিট শেষ হয় গোলশূন্য সমতায়। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ভুটানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। দুই প্রান্ত দিয়ে আক্রমণ সাজিয়ে একের পর এক ক্রস পাঠিয়েছেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমরা। তবে বেশির ভাগ ক্রস থেকেই বিপদ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।

প্রথমার্ধে বাংলাদেশের সবচেয়ে কার্যকর খেলোয়াড় ছিলেন বিশ্বনাথ ঘোষ। ডিফেন্ডার থেকে স্ট্রাইকারের ভূমিকায় খেলতে নেমে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেন তিনি। ১১ মিনিটে বাংলাদেশের প্রথম কর্নার থেকে বক্সের বাইরে ফাহিমের নেওয়া শট দারুণভাবে ঠেকান ভুটানের গোলরক্ষক গিয়েলশেন জাংপো। এরপর লম্বা পাস ধরে ডিফেন্ডারকে শক্তিতে পেছনে ফেলে শট নেওয়ার আগেই বিশ্বনাথের সামনে বাধা হয়ে দাঁড়ান জাংপো।

ভুটান শুরু থেকেই নিচে নেমে রক্ষণ সামলানোর কৌশল নেয়। তাদের জমাট রক্ষণে বারবার আটকে যায় বাংলাদেশের আক্রমণ। প্রথম ৩০ মিনিটে বলের নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে থাকলেও ভুটান উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি।

ম্যাচের ২০ মিনিটের দিকে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় ভুটানের ওরগেন ওয়াংচুককে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার পরিবর্তে মাঠে নামেন কিংজান তেনজিন।

প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি-কিক থেকে কাছের পোস্টে বলের দিক পরিবর্তন করেন শমিত সোম। তবে গোলমুখে থাকা বাংলাদেশের আর কেউ বলটি জালে জড়াতে পারেননি।

আরও পড়ুন

×