ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ সরবরাহে ৮ মাসে ভর্তুকি ৪৬ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ সরবরাহে ৮ মাসে ভর্তুকি ৪৬ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী
×
×

ছবি- সংগৃহীত

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২২:১২

গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারা পৃথিবী এখন জ্বালানি সংকটে ভুগছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করেছে জ্বালানি খাতকে। জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদনে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে সরকার। আগামী বছরের গ্রীষ্মের আগে সৌরবিদ্যুৎ থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য বাড়ির ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎও সরকার কিনবে বলেও মন্তব্য করেন তিনি।

সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা অর্জন করা হলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ জন্য তিনি সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে বাড়ির ছাদে প্যানেল স্থাপনে সবাইকে উৎসাহিত করেন।

মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যক্তিপর্যায় থেকেও উদ্যোগ নিতে হবে। ব্যক্তিপর্যায়ে সৌরবিদ্যুৎ প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ বিষয়ে সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় ও ভর্তুকির চাপ কমানো সম্ভব হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, আবু সাঈদ চাঁদ, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×