যুদ্ধের কারণে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না: মন্ত্রী
জেলা প্রশাসনের আয়োজনে নাটোর জেলার সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভায় ইকবাল হাসান মাহমুদ। ছবি: সমকাল
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২২:৪০ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ২২:৪২
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, যুদ্ধের কারণে জ্বালানি নিয়ে সারা বিশ্বেই টালমাটাল অবস্থা। যুদ্ধের কারণে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বিগত ছয় মাসে সরকার জ্বালানি খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করেছে। এই কারণে দেশের স্বাভাবিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে নাটোর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সোলার প্যানেলের জন্য আমরা ভর্তুকি দিচ্ছি। যেন কৃষি জমিতে সেচ দেওয়া যায়। যেখানে কৃষি জমি আছে সেখানে সোলার দিয়ে সেচ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছি। আমরা চেষ্টা করছি, আগামী মৌসুমে কৃষি জমিতে সেচে যাতে অসুবিধা না হয়।
জ্বালানি মন্ত্রী বলেন, আমরা আসার পরে গ্যাস ফিল্ডগুলো খনন করছি। খনন করে পজিটিভ দুইটা রেজাল্ট এসেছে। এই গ্যাসগুলো যদি উত্তোলন করা হয় তাহলে নাটোরে অবশ্যই সুষমভাবে শিল্পক্ষেত্রে গ্যাস বিতরণ করা হবে। দেশে মাদকের বিস্তার ঘটেছে। মাদকের হাত থেকে আমাদের সম্ভাবনাময় আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। এজন্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সন্তানের জন্যে অভিভাবকদের বাড়ি থেকেই কাজ করতে হবে। থানার ওসিদের এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা দেশকে বাসযোগ্য করতে চাই।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধ এমনভাবে বিক্রি করেছে; সেই মুক্তিযোদ্ধা আর নাই। আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ বিক্রি করে ফ্যাসিস্ট জন্ম দিয়েছে। তিনি আমাদের লাল সবুজের পতাকা অবমাননা করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধকালীন পালিয়ে বেঁচেছেন। পক্ষান্তরে শহীদ জিয়ার সাহসী ঘোষণায় দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দেশ স্বাধীন হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ বাঁচাতে হবে।
জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ কর্মকর্তারা।
- বিষয় :
- নাটোর