বজ্রপাতে নিহত ৬ জনের কবর পাহারায় স্বজনরা
ছবি- সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২২:৩৭
পাবনায় সম্প্রতি বজ্রপাতে স্বজন হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি পরিবারের সদস্যরা। এরই মধ্যে তাদের মনে ভর করেছে নতুন দুশ্চিন্তা ও আতঙ্ক। বজ্রপাতে নিহত ব্যক্তিদের লাশ কবর থেকে চুরি যাওয়ার ভয়ে রাত জেগে কবরস্থান পাহারা দিচ্ছেন স্বজন ও স্থানীয়রা। একই স্থানে পরপর ছয়টি কবর থাকায় এই উদ্বেগ আরও বহুগুণ বেড়ে গেছে। এ অবস্থায় সরকারি উদ্যোগে নিরাপত্তার সুব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের লাশ চুরি হয়ে যায় বলে এলাকায় দীর্ঘদিন ধরে এক ধরনের ধারণা ও গুঞ্জন প্রচলিত রয়েছে। বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং প্রিয়জনের লাশের সুরক্ষায় স্বজনরা রাতভর পালাক্রমে কবরস্থানে অবস্থান করছেন।
স্থানীয় বাসিন্দা জমির শেখ ও আমির হোসেন জানান, ‘আমরা মাঝেমধ্যেই খবর পাই, বজ্রপাতে নিহতদের লাশ চুরি হয়। এখানে একসঙ্গে ছয়টি কবর থাকায় ভয়টা বেশি। সরকারের কাছে আমাদের একটাই দাবি– লাশ চুরির ভয় থেকে মুক্ত করতে কবরগুলো যেন দ্রুত পাকা করে দেওয়া হয়।’
স্বজনের ভাষ্য, কবরগুলো অরক্ষিত থাকায় রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আতঙ্ক পিছু ছাড়ছে না। সাময়িক পাহারার পাশাপাশি প্রশাসনিকভাবে কবরগুলো স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে মানসিক উদ্বেগ কিছুটা লাঘব হবে।
পাবনা পুলিশ সুপার আবু আস্রাফ বলেন, ‘কবরস্থানের নিরাপত্তা নিয়ে নিহতদের পরিবার ও এলাকাবাসীর উদ্বেগের বিষয়টি জানার পরপরই সেখানে পুলিশের বিশেষ নৈশ টহলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সদর থানার বিট অফিসারকে নিয়মিত ওই কবরস্থানে গিয়ে খবরাখবর রাখতে ও তদারকি করতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।’