শিশুর অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা চায় সংসদীয় ককাস
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২২:৪৫
শিশুর অধিকার সুরক্ষা, শিশুবান্ধব আইন-নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ, জবাবদিহি নিশ্চিতকরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে শিশু অধিকার-বিষয়ক সংসদীয় ককাস। এ লক্ষ্যে উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে সংসদীয় উদ্যোগ জোরদার, নীতি-আলোচনা, তদারকি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
বৃহস্পতিবার সংসদ ভবনে নবগঠিত শিশু অধিকার-বিষয়ক সংসদীয় ককাসের প্রথম বৈঠকে এ আহ্বান জানানো হয়। ককাসের সভাপতি শিরীন সুলতানার সভাপতিত্বে বৈঠকে ককাসের পৃষ্ঠপোষক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সদস্য মোরশেদ মিলটন, একেএম ফজলুল হক মিলন, শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, আন্না মিন্জ ও মাধবী মার্মা অংশ নেন।
বৈঠকে শিশু অধিকার সুরক্ষায় বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত কন্যাশিশু, প্রতিবন্ধী, প্রান্তিক জনগোষ্ঠী ও পাহাড়ি অঞ্চলের শিশু এবং অসহায়, এতিম ও দুস্থ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শিশুর সুরক্ষায় আইনি ব্যবস্থার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন সম্পর্কে যথাযথ শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিশুর অধিকার প্রতিষ্ঠায় ককাসের এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে শিশুর অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
শিশুর অধিকার-সংশ্লিষ্ট প্রস্তাবিত ও খসড়া আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধনী প্রস্তাব উত্থাপন করা যেতে পারে। নির্বাহী বিভাগকেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে ককাসের কার্যক্রম ত্বরান্বিত করতে হবে।
সভাপতির বক্তব্যে শিরীন সুলতানা বলেন, শিশুদের সার্বিক সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। সরকারের জনকল্যাণমুখী কার্যক্রমের সুফল যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।