ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে পরিবহন ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ

চাঁদা না পেয়ে পরিবহন ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ
×
×

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২১:১৬

নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে পরিবহন ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর গ্রামে এই ঘটনা ঘটে। আহত নবী হোসেন উত্তর কারারচর গ্রামের ফজর রহমানের ছেলে। তিনি পিকআপ ভ্যানে পণ্য পরিবহনের ব্যবসা করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুশয্যায়।

জানা গেছে, শত্রুতার জের ধরে গত বুধবার সন্ধ্যায় ছয়-সাতজনের একদল সশস্ত্র সন্ত্রাসী পরিবহন ব্যবসায়ী নবী হোসেনের বাড়িতে গিয়ে তাঁর ছোট ভাই মনির হোসেনকে খুঁজতে থাকে। এ সময় মনিরকে না পেয়ে নবী হোসেনের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তাঁকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। তাঁকে বাঁচাতে গেলে নবী হোসেনের স্ত্রী তাছলিমা বেগম ও মেয়ে সোহাগী আক্তারও মারধরের শিকার হন। আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নবী হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

নবী হোসেনের স্ত্রী সোহাগী আক্তার জানান, সানি, নয়ন রাব্বির নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করতে করতে বাড়ির ভেতর ঢুকে তাঁর দেবর মনিরকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে তাঁর স্বামীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর স্বামীকে চাপাতি দিয়ে কুপিয়ে ও পেটে গুলি করে গুরুতর আহত করে। এ সময় তিনি ও তাঁর মেয়ে দৌড়ে গেলে তাদেরও মারধর করে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসতে থাকলে তারা হুমকি দিয়ে চলে যায়। তিনি জানান, ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর স্বামীর শরীর থেকে একটি গুলি বের করা হয়েছে।

অভিযোগের ব্যাপারে বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।

শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। দুই পক্ষই দুষ্টু প্রকৃতির মানুষ। তারা মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়েছেন তারা। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×