মার্কিন আগ্রাসন
যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, ইরানে ফের হামলার শঙ্কা
ইসলামাবাদে শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা কাটেনি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ০৭:৫৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ | ০৮:১৫
| প্রিন্ট সংস্করণ
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আজ। এ অবস্থায় ইসলামাবাদে নতুন করে সংলাপ শুরুর খবর আসেনি। মার্কিন প্রতিনিধিদের পাকিস্তানে পৌঁছানোর কথা থাকলেও তেহরানের পক্ষ থেকে সাড়া মেলেনি। ইরানের একটি কার্গো জাহাজকে জব্দের ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর জেরে যুদ্ধ নতুন করে শুরুর শঙ্কাও তীব্র হচ্ছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি আর ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চাচ্ছেন না। প্রস্তুতির কথা জানাচ্ছে ইরানও।
ওয়াশিংটনের স্থানীয় সময় আজ বুধবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর) ইরান-যুক্তরাষ্ট্রের চলতি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে কোনো চুক্তি না হলে তিনি ইরানের সঙ্গে যুদ্ধে ফিরে যেতে প্রস্তুত।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে খুব বেশি সময় নেই।’ আলোচনার টেবিলে আসা ছাড়া ইরানের কর্মকর্তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। ট্রাম্প বলেন, পাঁচ সপ্তাহ আগের চেয়ে তারা এখন অনেক বেশি শক্তিশালী।
অন্যদিকে কঠোর বার্তা দিয়েছে ইরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘মার্কিন নৌ অবরোধ একটি যুদ্ধাপরাধ।’ ইরান যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা দেখিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে মনোযোগী নয়। ইরানের প্রেস টিভি অনলাইন জানায়, ইরানের সংসদ স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ বলেছেন, তেহরান ‘হুমকির’ মুখে আলোচনা করবে না। যুক্তরাষ্ট্র নতুন সামরিক সক্ষমতা অর্জনের প্রস্তুতি নিচ্ছে। গালিবাফ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ট্রাম্প অবরোধ আরোপ করে ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ আলোচনার টেবিলকে তাঁর নিজের কল্পনায় আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে অথবা নতুন করে যুদ্ধবাজিকে ন্যায্যতা দিতে চাইছেন। তিনি বলেন, ‘আমরা হুমকির ছায়ায় আলোচনা গ্রহণ করি না। গত দুই সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল উন্মোচনের প্রস্তুতি নিয়েছি।’
পাকিস্তানের শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা
ইসলামাবাদে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে তিন দিন ধরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তেহরান আমেরিকার আলোচনার অবস্থানে সাড়া না দেওয়ায় ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। তবে যে কোনো মুহূর্তে সফরটি পুনরায় শুরু হতে পারে।
গত সোমবার ট্রাম্প বলেছিলেন, প্রতিনিধি দল এইমাত্র রওনা করছে। গতকাল মঙ্গলবার সিএনএনসহ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদের রওনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায়। ট্রাম্প বলেন, চুক্তি হলে তিনিও যাবেন।
কিন্তু ইরানের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। নির্মোহ ইরান বলছে, তাদের কার্গো জাহাজে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তা ছাড়া হরমুজ প্রণালির বাইরে অবরোধ সৃষ্টি করাকেও বড় বাধা হিসেবে বর্ণনা করছে তেহরান। এ অবস্থায় নতুন করে আবার যুদ্ধ শুরুর শঙ্কা বেড়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে ইরানের কোনো প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়নি। মধ্যস্থতাকারীদের চাপ সত্ত্বেও তারা আজকের আলোচনায় যোগ দেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী টেলিগ্রামে এক পোস্টে লিখেছে, ‘ইরান থেকে কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে যায়নি, তা প্রাথমিক হোক বা দ্বিতীয়, প্রারম্ভিক হোক বা পরবর্তী।’
গতকাল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে ইরানের সঙ্গে আলোচনার জন্য জেডি ভ্যান্সের নেতৃত্বে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালের মধ্যে ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এই প্রতিনিধি দলে থাকবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনার। দ্য গার্ডিয়ান জানায়, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর অবিশ্বাস রয়েছে। কারণ, পূর্ববর্তী আলোচনা চলাকালে দেশটি আক্রমণের শিকার হয়েছিল।
মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ অতিক্রম করছে ইরানি জাহাজ
ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন ঘোষিত অবরোধ সত্ত্বেও ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ, ‘শোজা-২’ হরমুজ প্রণালি অতিক্রম করছে। জাহাজটি বন্দর আব্বাসের নিকটবর্তী শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করে এবং ভারতের কান্দলা বন্দরের দিকে তার পথ অব্যাহত রাখে।
সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী সংস্থা মেরিনট্র্যাফিকের সামুদ্রিক ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায়, জাহাজটি বর্তমানে প্রণালিটিতে চলাচল করছে। মেরিনট্র্যাফিকের মতে, শোজা-২ জাহাজটি ভারতের উদ্দেশে যাত্রা করছে। এ অবস্থায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম গতকাল ছিল ৯৪ দশমিক ৯৪ ডলার, যা আগের দিনের চেয়ে সামান্য কম।
ইরান আলোচনা করতে ইচ্ছুক, তবে দুর্বল অবস্থান থেকে নয়– বলছেন বিশ্লেষক
তেহরান থেকে আলজাজিরার আলমিগদাদ আলরুহাইদ গতকাল মঙ্গলবার রাতে বলেন, গত কয়েক ঘণ্টায়, বিশেষ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতার একটি জোয়ার এসেছে। তারা ইরানের কর্মকর্তাদের আলোচনার টেবিলে যোগ দিতে রাজি করানোর চেষ্টা করছেন। কিন্তু হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পরিস্থিতিকে খুব জটিল করে তুলেছে। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে আলোচনার কোনো আনুষ্ঠানিক প্রত্যাখ্যান নেই। তবে এমন লক্ষণ দেখা যাচ্ছে– ইরান আলোচনা করতে ইচ্ছুক; কিন্তু দুর্বল অবস্থান থেকে নয়।
আলোচনায় পাকিস্তানের ভূমিকায় চীনের ‘পূর্ণ সমর্থন’
বিবিসি জানায়, পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদের উদ্যোগের প্রতি বেইজিংয়ের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইসহাক দার চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
- বিষয় :
- মার্কিন আগ্রাসন
- ইরানে হামলা
