ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ট্রাম্পের নৈশভোজে হামলাকারী একজন শিক্ষক ও গেম ডেভেলপার

ট্রাম্পের নৈশভোজে হামলাকারী একজন শিক্ষক ও গেম ডেভেলপার
×

ছবি: রয়টার্স‌

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১০:৫০ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১৬:১২

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার। নাম- কোল টোমাস অ্যালেন। সরকারি সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন। 

সিএনএন জানিয়েছে, ৩১ বছর বয়সী অ্যালেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা। আইন প্রয়োগকারী সংস্থা তাকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছে। ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান জেফরি ডব্লিউ. ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন অ্যালেন অতিথি হিসেবে হোটেলের একটি কক্ষে অবস্থান করছিলেন। তদন্তের অংশ হিসেবে তার কক্ষটি সিল করা হয়েছে।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের পর আরও কিছু অনুষ্ঠান হয়ে থাকে, সেগুলোর নিরাপত্তায় কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কেউ বিপদে আছে এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তবে 'আফটার-পার্টি'র মতো অনুষ্ঠানের জন্য বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সন্দেহভাজনের নাম এবং ছবির সঙ্গে মিলে যাওয়া লিঙ্কডইন প্রোফাইলে তাকে পরীক্ষার প্রস্তুতি এবং টিউশনি প্রতিষ্ঠান সি২ এডুকেশনের খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাওয়া যায়। কোম্পানির সামাজিকমাধ্যমের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে সি২ অ্যালেনকে কোম্পানির টিচার অব দ্য মান্থ বা মাসের সেরা শিক্ষক হিসেবে ঘোষণা করে। শনিবার সন্ধ্যায় সি২-এর একটি ফোন নম্বরে কল করা হলে কেউ উত্তর দেয়নি।

লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডোমিনগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

ফেডারেল ইলেকশন কমিশনের রেকর্ড অনুযায়ী, অ্যালেন ২০২৪ সালের অক্টোবরে কমালা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার দান করেছিলেন। 

আরও পড়ুন

×