ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা সোমবার

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা সোমবার
×

ছবি: বিবিসি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৮:৩৯

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে সোমবার। দক্ষিণ ২৪ পরগণার ফলতা আসন ছাড়া বাকি ২৯৩টি আসনে ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। প্রথমে পোস্টাল ব্যালট, এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেওয়া ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, নির্বাচন কমিশন ভোটগণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে বিধি নিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখা হচ্ছে।

গণনা কেন্দ্রের নিরাপত্তায় ত্রিস্তরীয় ব্যবস্থা রয়েছে। তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। কেবল কিউআর কোডভিত্তিক পরিচয়পত্র থাকলে তবেই গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে। কাউন্টিং অবসার্ভার এবং রিটার্নিং কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না।

তবে অন্য বারের তুলনায় এবার গণনা কেন্দ্র কমানো হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটগণনা হয়েছিল ৯০টি কেন্দ্রে। ২০২১ সালের নির্বাচনে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে করা হয় ১০৮টি। তবে এবার ভোট গণনা করা হচ্ছে কলকাতাসহ রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে। এর মধ্যে কলকাতায় রয়েছে ৫টি গণনাকেন্দ্র। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এখানে কলকাতার ১১টি বিধানসভা আসনের ৭টি আসনের ভোট গণনা হবে। 

সম্পূর্ণ প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে। এছাড়াও ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক রয়েছে। উত্তর ২৪ পরগনায় গণনা পর্যবেক্ষক রয়েছেন ৪৯ জন।

যদিও রাজ্যের এই স্ট্রং রুম নিয়ে বিতর্ক রয়েছে। তৃণমূল দাবি করেছে- বিজেপি নির্বাচন কমিশনের সহযোগিতায় স্ট্রং রুমে ঢুকে ইভিএম মেশিনে কারচুপি করে ফলাফল বদলে দিতে পারে। 

এদিকে মমতা বন্দোপাধ্যায় কড়া ভাষায় স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের। তিনি বলেছেন, ৪ মে ভোর পর্যন্ত কড়া নজরে রাখতে হবে সব স্ট্রং রুম।

মুখ্যমন্ত্রী মমতাও শুক্রবার রাতে ৪ ঘণ্টা অবস্থান করেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল কেন্দ্রের স্ট্রং রুমে। সেখানে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইভিএমে কারচুপি হতে পারে। সবাইকে সজাগ থাকতে হবে। 

রাজ্যের দুই দফায় নেওয়া ভোটগ্রহণে রেকর্ড ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে। সোমবার সকালে ৮টায় শুরু হবে ভোটগণনা। প্রথমেই হবে পোস্টাল ব্যালট গোনা। পরেইভিএম-এ ভোটগণনা করা হবে। গণনা শেষে বেলা ১২টার দিকে ফল প্রকাশ করা হতে পারে। 

বুথফেরত সমীক্ষার বড় অংশই ইঙ্গিত দিচ্ছে, রাজ্যে ক্ষমতার পালাবদল হতে পারে এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। ২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন। তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। সে ক্ষেত্রে জোট সরকারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পশ্চিমবঙ্গের পাশাপাশি একই দিনে আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতেও ফল প্রকাশিত হবে।

আরও পড়ুন

×