ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হরমুজে অবরুদ্ধ জাহাজ উদ্ধারের ঘোষণা ট্রাম্পের, যা বলছে ইরান

হরমুজে অবরুদ্ধ জাহাজ উদ্ধারের ঘোষণা ট্রাম্পের, যা বলছে ইরান
×

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় আমিরাতের শারজাহ বন্দরে আটকে আছে তেলবাহী ট্যাঙ্কার। ছবি: এএফপি

রয়টার্স

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৫:২৭ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৫:২৮

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলো উদ্ধারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এর প্রতিক্রিয়ায় মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালি থেকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। 

যুদ্ধের কারণে গত দুই মাসের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ জলপথটিতে অসংখ্য জাহাজ ও ক্রুরা অবরুদ্ধ অবস্থায় আছেন। এসব জাহাজে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় রসদ ফুরিয়ে যাচ্ছে। ট্রাম্প জাহাজগুলো উদ্ধারের ঘোষণা দিলেও পরিকল্পনার বিস্তারিত তথ্য জানাননি।

ওয়াশিংটনের স্থানীয় সময় রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, যেসব জাহাজ অবরুদ্ধ অবস্থায় আছে সেগুলো নিরাপদে বের করে আনা হবে। যাতে তারা স্বাধীনভাবে ব্যবসা চালিয়ে যেতে পারে।

এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড এক বিবৃতিতে বলেছে, যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে ইরানি বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোকে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সমন্বিত কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি এক বিবৃতিতে বলেন, ‘আমরা বারবার বলেছি, হরমুজ প্রণালির নিরাপত্তা আমাদের হাতে। নৌযানের নিরাপদ চলাচলের জন্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করা প্রয়োজন।’ আবদুল্লাহি আরও বলেন, যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালির কাছে যাওয়ার বা প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর হামলা চালানো হবে।

ট্রাম্পের পোস্টের কিছুক্ষণ পরই ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, অজ্ঞাত স্থান থেকে ছোড়া কামানের আঘাতে হরমুজ প্রণালিতে থাকা একটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা জাহাজ উদ্ধার অভিযানে ১৫ হাজার সামরিক সদস্য, স্থল ও সমুদ্রভিত্তিক ১০০টিরও বেশি বিমান এবং বেশ কিছু যুদ্ধজাহাজ ও ড্রোন দিয়ে সহায়তা করবে। এক বিবৃতিতে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, এই রক্ষণাত্মক অভিযানে সহায়তা করাটা আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য। 

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, যুদ্ধের কারণে কয়েকশ জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক বর্তমানে হরমুজ প্রণালিতে অবরুদ্ধ অবস্থায় আছেন। 

আরও পড়ুন

×