ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু, চাপে স্টারমারের দল

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু, চাপে স্টারমারের দল
×

একটি কেন্দ্রে ভোট দেন কিয়ার স্টারমার ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া স্টারমার। বৃহস্পতিবার সেন্ট্রাল লন্ডনে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৬:০৪

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে ভোটে কট্টর ডানপন্থী ও বামপন্থী পপুলিস্ট দলগুলোর উত্থান ঘটতে পারে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলশ জুড়ে ভোটগ্রহণ শুরু হয়। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর স্টারমার সরকারের অধীনে এটিই প্রথম স্থানীয় নির্বাচন। এর ফলাফলের মাধ্যমে লেবার পার্টির প্রতি মানুষের সমর্থন বোঝা যেতে পারে। 

জনমত জরিপগুলো বলছে, নির্বাচনে লেবারের ফলাফল হতাশাজনক হতে পারে। সেটি হলে ৬৩ বছর বয়সী স্টারমারের পদত্যাগের দাবি আরো জোরালো হবে। এমনকি দলের ভেতর থেকে তাঁর নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর গুঞ্জনও বাস্তবে রূপ নিতে পারে।

নির্বাচনে লেবারের পাশাপাশি অভিবাসনবিরোধী ‘রিফর্ম ইউকে’ এবং পরিবেশবাদী ‘গ্রিনস পার্টি’ প্রতিদ্বন্দ্বীতা করছে। ধারণা করা হচ্ছে মূল ধারার দলগুলোর বিপরীতে এই দুটি রাজনৈতিক দল ফলাফলে ভালো অবস্থানে থাকবে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক মেলানি গারসন বলছেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের মনোভাব কেমন তা বোঝার নির্বাচন হতে যাচ্ছে এটি। 

ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত। কিছু ফলাফল রাতের মধ্যে জানা গেলেও অধিকাংশ ফলাফল শুক্রবার বিকেলের আগে পাওয়া যাবে না। ইংল্যান্ডজুড়ে ১৬ হাজার স্থানীয় কাউন্সিল আসনের মধ্যে প্রায় ৫ হাজার আসনে ভোট হচ্ছে। অন্যদিকে, ওয়েলশ ও স্কটল্যান্ডের ভোটাররা তাঁদের নতুন প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন।

লেবার পার্টির আগে যুক্তরাজ্যে প্রায় ১৪ বছর ক্ষমতায় ছিল কনজারভেটিভ পার্টি। তাদের আমলে কৃচ্ছ্রসাধন, ব্রেক্সিট ও সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ভঙ্গুর অর্থনীতি ব্রিটিশ জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। এরপর ২০২৪ সালে ক্ষমতায় আসেন স্টারমার। সমালোচকদের মতে, স্টারমার নিজেও একের পর এক ভুল নীতি গ্রহণ করেছেন। যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সাবেক লেবার নেতা পিটার ম্যান্ডেলসনের একটি কেলেঙ্কারির সঙ্গে স্টারমার যুক্ত বলে অভিযোগ উঠেছে। এসব এখন স্টারমারের রাজনৈতিক ভাবমূর্তিকে সংকটে ফেলেছে।

আরও পড়ুন

×