ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যুদ্ধবিরতি উপেক্ষা

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৫১

পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জোসেফ আউন

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৫১
×

ছবি : সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ০২:০৮

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় দেশটিতে ৫১ জনের প্রাণহানির খবর দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদমাধ্যম বিবিসি জানায়, নিহতদের মধ্যে অন্তত দুজন স্বাস্থ্যকর্মী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিনত জবেইল জেলার কালাউইয়া এবং তিবনিন এলাকায় দুটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবিক রীতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে তারা বলেছে, ইসরায়েল ক্রমাগত চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু বানিয়ে যাচ্ছে। গত ২ মার্চ শুরু হওয়া এ সংঘাতের পর থেকে এ পর্যন্ত লেবাননে ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গতকাল জানিয়েছে, লেবানন সীমান্তে যুদ্ধ চলাকালীন তাদের একজন সদস্য নিহত হয়েছেন। গত মার্চে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর ১৮ জন সদস্য এবং একজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসার সঙ্গে বৈঠক করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া লেবানন ও ইসরায়েলের মধ্যে তৃতীয় বৈঠক নিয়ে আলোচনার সময় প্রেসিডেন্ট আউন বলেছেন, ‘ইসরায়েল যেন যুদ্ধবিরতি লঙ্ঘন, সামরিক অভিযান এবং লেবাননের ঘরবাড়ি ধ্বংস ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া বন্ধ করে, সেজন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা জরুরি।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জেরে গত ২ মার্চ ইসরায়েলে রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় দেশটিতে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। 

গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় ৫৫২ জন নিহত হয়েছেন এবং গত মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮৪৬। এই সংঘাতের ফলে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ।

আরও পড়ুন

×