জ্বালানি সংকট
নিজ বহরে গাড়ির সংখ্যা কমানোর নির্দেশ মোদির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১২:২৪
পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যে দেশবাসীকে সাশ্রয়ের বার্তা দেওয়ার এক সপ্তাহের মাথায় এবার জ্বালানি সাশ্রয়ের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর সরকারি কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই নির্দেশ স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-কে পাঠানো হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত রেখে কনভয়ের গাড়ির সংখ্যা কমানো হবে। পেট্রল বা ডিজেল চালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে হবে। তবে নতুন কোনও গাড়ি কেনার অনুমতি নেই। কেন্দ্রের একটি সূত্র জানিয়েছে, নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এসপিজি তার বাস্তবায়ন শুরু করেছে। অন্য সূত্রের দাবি, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও মোদীর উদাহরণ অনুসরণ করে তাঁদের কনভয় হ্রাস করতে পারেন।
পশ্চিম এশিয়ার অস্থিরতার প্রেক্ষাপটে মোদি ইতিমধ্যেই দেশবাসীর কাছে সংযমের বার্তা দিয়েছেন। তিনি অনুরোধ করেছেন পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা ও রাসায়নিক সার ইত্যাদির ব্যবহার সচেতনভাবে করতে। রোববার সেকেন্দরাবাদের এক সভায় তিনি প্রথম এই বার্তা দেন। সোমবার গুজরাটের ভদোদরায় একটি সমাবেশে তিনি বলেন, 'বিশ্ব দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে, যা কোভিড-১৯ অতিমারি দিয়ে শুরু হয়েছিল এবং এখন পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতি আরও জটিল করছে।'
মোদির এই বার্তার পরই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার সমালোচনা করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, 'মোদীজি সাধারণ মানুষের কাছে ত্যাগের বার্তা দিয়েছেন-সোনা কেনবেন না, বিদেশ ভ্রমণ কমাবেন, পেট্রল ও রান্নার তেল কম ব্যবহার করুন, মেট্রো ব্যবহার করুন এবং বাড়ি থেকে কাজ করুন। এগুলো পরামর্শ নয়, ব্যর্থতার প্রকাশ।'
সূত্র: আনন্দবাজার পত্রিকা
- বিষয় :
- নরেন্দ্র মোদি
- জ্বালানি
- জ্বালানি সংকট
