ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যে কারণে প্রেসিডেন্ট মাখোঁকে সেদিন ‘চড় মারেন’ স্ত্রী

যে কারণে প্রেসিডেন্ট মাখোঁকে সেদিন ‘চড় মারেন’ স্ত্রী
×

ব্রিজিত মাখোঁ, এমানুয়েল মাখোঁ এবং গোলশিফতেহ ফারাহানি। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১৮:৩৮ | আপডেট: ১৪ মে ২০২৬ | ২২:০৫

ইরানি বংশোদ্ভূত এক অভিনেত্রীর সঙ্গে বার্তা আদান-প্রদানের কারণে স্ত্রীর হাতে ‘চড় খান’ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ফরাসি সাংবাদিক ফ্লোরিয়ান তারদিফের লেখা ‘অ্যান (অলমোস্ট) পারফেক্ট কাপল’ শিরোনামে নতুন বইয়ে এই দাবি করা হয়েছে।  

গত বছর ভিয়েতনাম সফরের সময় বিমান থেকে নামার আগে প্রেসিডেন্ট মাঁখো ও তার স্ত্রী ব্রিজিত মাঁখোর একটি অস্বস্তিকর মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। পরে সামাজিকমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

সাংবাদিক ফ্লোরিয়ান তারদিফের বইয়ে বলা হয়েছে, ৪৮ বছর বয়সী মাখোঁ এবং ৪২ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি বেশ কয়েক মাস একটি ‘প্লাটোনিক সম্পর্ক’ রাখেন। তাদের মধ্যে কিছু ব্যক্তিগত বার্তা আদান-প্রদানও হয়।

বইয়ে দাবি করা হয়েছে, গত বছর ভিয়েতনাম সফরের সময় বিমানে ব্রিজিত মাখোঁ তার স্বামীর ফোনে ফারাহানির পাঠানো কিছু বার্তা দেখেন। এরপর তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং বিমান থেকে নামার সময় একটি অস্বস্তিকর মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। 

বইয়ে বলা হয়, এক বার্তায় ফারাহানি মাখোঁকে লেখেন, ‘আপনাকে আমার খুব আকর্ষণীয় মনে হয়।' জবাবে মাখোঁ অভিনেত্রীকে  ‘তোমাকে আমার খুব সুন্দরী মনে হয়’ বলে মন্তব্য করেন।

তবে এসব কথা কোনো পক্ষই স্বীকার করেনি। ব্রিজিত মাখোঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি পলিটিকোকে জানান, তিনি এই দাবি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। একইভাবে প্রেসিডেন্ট মাখোঁর ঘনিষ্ঠ মহল অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। এলিসি প্রাসাদ আগেই ভিয়েতনাম সফরের ওই ভিডিওকে ‘ভুয়া’ বলে উল্লেখ করে এবং ঘটনাটি ‘ঠাট্টা-তামাশা’ বলে উড়িয়ে দেয়। 

অন্যদিকে গোলশিফতেহ ফারাহানি আগেও মাখোঁর সঙ্গে সম্পর্কের গুঞ্জন অস্বীকার করেন এবং নতুন বইয়ে ওঠা অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

তবে ‘অ্যান (অলমোস্ট) পারফেক্ট কাপল’ প্রকাশিত হওয়ার পর ফ্রান্সের রাজনৈতিক অঙ্গন ও প্রেসিডেন্ট দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×