ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইসরায়েলের গণহত্যা

খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্তে গাজায় বিক্ষোভ

আবারও দুর্ভিক্ষের আশঙ্কায় ফিলিস্তিনিরা

খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্তে গাজায় বিক্ষোভ
×

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৩:২৯

গাজায় খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) বিতরণ কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। আনাদোলু এজেন্সির খবর জানায়, আগের মতো খাবার সরবরাহ চালু রাখার দাবিতে গাজার আল-মাসদার গ্রামে এই বিক্ষোভ করেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।

ডব্লিউসিকে জানিয়েছে, গাজায় মানবিক সহায়তার প্রয়োজন এখনও কমেনি। তবে আর্থিক সংকটের কারণেই খাদ্য সহায়তার পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আক্ষেপ, খাবার কেনার সামর্থ্য না থাকায় অনেকেই না খেয়ে দিন কাটাচ্ছেন। খাবার দেওয়া আরও কমলে গাজায় আবারও দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, গাজার ১৬ লাখ মানুষ চরম খাদ্য সংকটে আছে, যার মধ্যে এক লাখেরও বেশি শিশু এবং ৩৭ হাজার অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারী নারী রয়েছেন।

গাজাগামী ত্রাণ বহরে ইসরায়েলি অভিযান
চরম খাদ্য সংকটের মধ্যে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টাকালে আন্তর্জাতিক জলসীমা থেকে কয়েকশ মানবাধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে একটি আন্তর্জাতিক ত্রাণ বহরে অংশ নিয়েছিলেন।

ইসরায়েল বলছে, তারা গ্লোবাল ফ্লোটিলার নৌযানগুলোতে কোনো ত্রাণ পায়নি। তবে নৌবহরের পক্ষ থেকে ইসরায়েলের এই দাবি পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, তুরস্ক এই ঘটনাকে জলদস্যুতা বলে নিন্দা করেছে। এ ছাড়া আটককৃতদের মুক্তির জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে স্পেন, ইতালি ও ইন্দোনেশিয়া। পাশাপাশি আটক নাগরিকদের বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছে অস্ট্রেলিয়া।

উপত্যকা পুনর্গঠনে প্রয়োজন ৩ হাজার কোটি ডলার
যুদ্ধবিরতি ঘোষিত হলেও গাজায় মানবিক বিপর্যয়, অবকাঠামো ধ্বংস ও হত্যা বন্ধ হয়নি। গাজা বোর্ড অব পিসের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, এখানকার প্রায় ৮৫ শতাংশ ঘরবাড়ি ও রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে। বিধ্বস্ত গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় তিন হাজার কোটি ডলার প্রয়োজন। এই বিপুল চাহিদার বিপরীতে এখন পর্যন্ত আন্তর্জাতিক মহল থেকে মাত্র ১৭ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

 

আরও পড়ুন

×