ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউক্রেনে রাতভর রুশ হামলা, নিহত ৯

ইউক্রেনে রাতভর রুশ হামলা, নিহত ৯
×

হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক আবাসিক ভবন। ছবি: রয়টার্স

রয়টার্স

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১০:০৬ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১০:১০

ইউক্রেনের রাজধানী কিয়েভ, ডনিপ্রো ও খারকিভসহ বিভিন্ন বড় শহরে রাশিয়ার ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোরে এ হামলা চালানো হয় বলে জানানো হয়।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সতর্কবার্তা চলার পর এই হামলা আরও বড় ধরনের আক্রমণের ইঙ্গিত দিচ্ছে।

ডনিপ্রো অঞ্চলের গভর্নর ওলেক্সান্দার হানঝা টেলিগ্রামে জানান, শহরটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৫ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক আবাসিক ভবন, গাড়িতে আগুন ধরে যায় এবং একটি শিশুদের খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হয়।

রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরে অন্তত ৪ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। একটি ২৪ তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আংশিক ধস নামে, ফলে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ৯ তলা একটি ভবনেও আগুন লাগে এবং অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

হামলার সময় হাজার হাজার মানুষ কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ব্যাগ, গদি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করেন, যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে রুশ হামলা প্রতিহত করার চেষ্টা করছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই সতর্ক করেছিলেন, বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ইউক্রেনের সামরিক ও সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে 'পদ্ধতিগত হামলা' চালাচ্ছে।

এদিকে ইউক্রেনের খারকিভ অঞ্চলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র ইহর তেরেখভ।

যুদ্ধের শুরু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে এখনো চলমান রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে শান্তি আলোচনায় তেমন অগ্রগতি হয়নি।

আরও পড়ুন

×