প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি
প্রণব মুখার্জি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২০ | ০২:০৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২০ | ০২:১১
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
সোমবার দিল্লির সামরিক হাসপাতালের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগের চেয়ে তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে। তার ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে গেছে। বর্তমানে সেপটিক শকে রয়েছেন তিনি। এই মুহূর্তে একটি বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রোববার থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছে। তার ফুসফুসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়েছে। এখনও তিনি গভীর কোমায় ভেন্টিলেশন সাপোর্টে আছেন।
গত ৯ আগস্ট রাতে দিল্লির বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরদিন চিকিৎসকের পরামর্শে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে ভর্তি করা হয় তাকে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় তার।
অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে প্রণব মুখার্জির দেহে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিকেল বোর্ডের অধীনে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে রাখা হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। গত বছর তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব 'ভারতরত্ন' উপাধিতে ভূষিত হন।
- বিষয় :
- প্রণব মুখার্জি
- ভারত
- অবস্থার অবনতি
