ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত
আল জাজিরা
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১০:২০ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১০:২০
ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যরাতে চালানো এই হামলায় তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে নির্দিষ্ট 'সামরিক লক্ষ্যবস্তু'তে এই হামলা চালিয়েছে। হামলার পর ইরানের বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে একই সময়ে ইসরায়েলের দিকেও ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় আইডিএফ। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট আপাতত স্থগিত রয়েছে এবং কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারছে না।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, এই হামলা দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও ইসরায়েলি 'আগ্রাসনের' জবাব। তারা সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে হামলা অব্যাহত থাকলে আরও বড় পরিসরে প্রতিক্রিয়া জানানো হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং উভয় পক্ষ আপাতত পাল্টা হামলা এড়িয়ে চলার বিষয়ে একমত হয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে বিশ্লেষকরা সতর্ক করছেন।
- বিষয় :
- ইরান
- ক্ষেপণাস্ত্র হামলা
