ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৩, আহত ৫

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৩, আহত ৫
×

জেনারেল সান্তোস সিটির বেশ কয়েকটি ভবন ও বিপণিবিতান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: ফিলিপাইন ইনফরমেশন এজেন্সি

বিবিসি

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১০:৩৭ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১১:১১

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৭ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পে দেশটির বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। ভূমিকম্পের পরও সুনামি সতর্কতা বহাল রয়েছে, কারণ সমুদ্রপৃষ্ঠে অস্বাভাবিক পরিবর্তন ও ছোট ছোট ঢেউ এখনও রেকর্ড করা হচ্ছে।

ভূমিকম্পের ফলে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৩৭টি ভবন, যেগুলোর অধিকাংশই বাণিজ্যিক স্থাপনা, ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উৎপত্তিস্থলের নিকটবর্তী জেনারেল সান্তোস সিটিতে।

শক্তিশালী এ কম্পনের ফলে একাধিক বহুতল ভবন ধসে পড়ে এবং সড়কে বড় ধরনের ফাটল দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জনপ্রিয় ফাস্টফুড চেইন ‘জলিবি’র অন্তত দুটি শাখা ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। আতঙ্কে মানুষজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভলকস) জানিয়েছে, ভূমিকম্পের পর অন্তত ১৬টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ১.৩ থেকে ৬.৭ পর্যন্ত। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামি সতর্কতা এখনো প্রত্যাহার করা হয়নি। ভূমিকম্পের পর সমুদ্রপৃষ্ঠে পরিবর্তন ও ছোট মাত্রার ঢেউ রেকর্ড করা হচ্ছে, যার উচ্চতা কয়েক সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে।

ফিলিপাইন রেড ক্রস জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্কতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় কাঠামোগত নিরাপত্তা যাচাই করছে। ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন উপকূলীয় এলাকার বাসিন্দাদের সমুদ্রসৈকত ও নিম্নাঞ্চল এড়িয়ে উঁচু ও নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

×