পাকিস্তানের হামলায় শিশুসহ ১৩ জন নিহতের দাবি আফগানিস্তানের
পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তানের সেনা সদস্য। ফাইল ছবি: এএফপি
আলজাজিরা
প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১৩:৫৭ | আপডেট: ১০ জুন ২০২৬ | ১৪:২১
আফগানিস্তানের সরকার বুধবার জানিয়েছে, পাকিস্তানের বিমান হামলায় তিনটি প্রদেশে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ওই হামলা চালানো হয়।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, প্রদেশ তিনটি হলো কুনার, খোস্ত ও পাকতিকা। নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ আছেন।
মুজাহিদ আরও জানান, হামলায় আরও ১৪ জন নারী ও শিশু আহত হয়েছেন। তিনি এই আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছেন। তবে হামলাটির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্য করা হয়নি।
ইসলামাবাদ এর আগেও আফগানিস্তানে হামলা চালিয়েছিল। তখন বলা হয়েছিল, অভিযান চালানো হয় ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ বা টিটিপির আস্তানা লক্ষ্য করে।
খোস্ত প্রদেশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হামলায় স্পেরা জেলার একটি বাড়িতে ৯ জন নিহত এবং অন্য ১০ জন আহত হয়েছেন। পাশের পাকতিকা প্রদেশের দুই বাসিন্দা জানান, বারমাল জেলায় পৃথক হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিমান হামলাটি একটি বাড়িতে আঘাত হানে এবং নিহতরা সবাই শিশু।
- বিষয় :
- আফগানিস্তান
- পাকিস্তান
- বিমান হামলা
- নিহত
- এশিয়া